চীনে শুদ্ধি অভিযানের বলি

‘তারা আমাকে মারধর করে। টেনেহিঁচড়ে শৌচাগারে নিয়ে যায়। জোর করে আমার মাথা মলত্যাগের পাত্রে ঢুকিয়ে দেয়। পান করতে বাধ্য করে ময়লা পানি।’
কথাগুলো বলছিলেন চীনের কমিউনিস্ট পার্টির নির্যাতনের স্বীকার সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা ঝাউ জিয়ানহুয়া। ঘুষ নেওয়ার স্বীকারোক্তি আদায়ে তাঁর ওপর এভাবে নির্যাতন চালানো হয়। নির্যাতনের পর ঘুষ নেওয়ার কথা স্বীকার করতে বাধ্য হন ঝাউ।
ঝাউ বলেন, তিনি জানতেন স্বীকার না করে কোনো উপায় নেই। যে পর্যন্ত স্বীকারোক্তি আদায় না হবে, সে পর্যন্ত তাঁর ওপর অত্যাচার ও নির্যাতন চলবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতির বিরুদ্ধে জোরালো আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তিনি অঙ্গীকার করেছেন, তাঁর এ অভিযানে উচ্চ পদে আসীন বাঘের মতো কর্মকর্তা যেমন পার পাবেন না, তেমনি মাছির মতো নিম্নপদের ব্যক্তিদেরও ছাড় দেওয়া হবে না। কিন্তু এ অভিযানে কমিউনিস্ট পার্টির উচ্চপদে আসীন এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা অধস্তন কর্মীদের ঘুষ খাওয়া থেকে বিভিন্ন অভিযোগে ফাঁসিয়ে নিজেরা আড়ালে থাকার চেষ্টা করছেন।
এমন এক অপকৌশলের বলি হয়েছেন ঝাউ জিয়ানহুয়া। গত মাসে জিয়াংজি প্রদেশে কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা সু রংয়ের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ঝাউ। তাঁর দাবি, দলের জ্যেষ্ঠ নেতার স্ত্রীর বিরুদ্ধে এরকম অভিযোগ আনার কারণেই তাঁকে এভাবে শাস্তি পেতে হয়।
২০১১ সালে ঝাউ সন্দেহ করতে থাকেন, তাঁকে তদন্তের মুখে পড়তে হতে পারে। কারণ তিনি দলের প্রধান সু রংয়ের স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে ভূমি-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।
ঝাউয়ের ভাষ্য, শেষে তাঁর সন্দেহই সত্যি বলে প্রমাণিত হয়। তাঁকে বন্দিশিবিরে নেওয়া হয়। চীনের মানবাধিকার-বিষয়ক আইনজীবী ঝাউ জেও বলেছেন, সু রংয়ের স্ত্রীকে অভিযুক্ত করার প্রতিশোধ নিতেই ঝাউকে বন্দিশিবিরে নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয় কর্মকর্তারা কম-বেশি সবাই ছয় লাখ ইউয়ান (এক লাখ মার্কিন ডলার) ঘুষ নেন। তিনিও তাই নিয়েছিলেন। ঝাউয়ের ভাষ্য, এটা নেওয়া নাকি স্থানীয় কর্মকর্তাদের একটি প্রথা। প্রতি নববর্ষে একটি লাল খামের মাধ্যমে এই অর্থ পান তাঁরা।
কিন্তু ১০ মিলিয়ন ইউয়ান ঘুষ নিয়েছেন—এমন স্বীকারোক্তি আদায়ের জন্য তাঁর ওপর চাপপ্রয়োগ করা হতে থাকে।
ঝাউ বলেন, ‘আমি জানতাম যদি আমি স্বীকার না করি, তাহলে আমার স্ত্রীকে বিচারের মুখে দাঁড় করানো হবে।’
ঝাউয়ের ভাষ্য, দলের কর্মকর্তারা তাঁকে সতর্ক করেছিলেন, ঘুষ নেওয়ার কথা স্বীকার না করলে তাঁর স্ত্রীর ওপর নির্যাতন চালানো হবে।
এএফপির খবরে জানানো হয়, চীনের কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ বিচারব্যবস্থা ‘শুয়াংগুই’ অনুসারে ঝাউকে শাস্তি দেওয়া হয়। গত মার্চ মাসে কমিউনিস্ট দলের নির্যাতন কেন্দ্রে ঝাউয়ের ওপর নির্যাতন চলে। সেখানে দেওয়া ঝাউয়ের সাক্ষাত্কার অনলাইনে দেওয়া হয়।
২০১২ সালের জানুয়ারি মাসে কমিউনিস্ট পার্টি ঝাউকে আটক করে। তাঁকে একটি বন্দিশিবিরে ছয় মাস আটকে রাখা হয়। সেখানে কোনো আইনজীবীকেও ঢুকতে দেওয়া হয়নি। কমিউনিস্ট পার্টির প্রথা অনুসারে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে ঝাউয়ের স্বীকারোক্তি আদায় করা হয়। নির্যাতনের কারণে শুয়াংগুইয়ে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ১৫ জনের বেশি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
গত জানুয়ারিতে আদালত দুর্নীতির দায়ে ঝাউকে স্থগিত দণ্ডাদেশ দিয়েছেন, যার পরিণতি আসলে সারা জীবন কারাগারে পচা।
তবে সু রংকে ছাড়েননি ঝাউ। কারাগারে থেকে সিগারেটের খালি প্যাকেটে সু রংয়ের বিরুদ্ধে দুর্নীতির সব তথ্য একে একে দর্শনার্থী ও সুর সাবেক স্ত্রীর মাধ্যমে পাচার করেছেন। এসব তথ্য চলে গেছে বেইজিংয়ের কর্মকর্তাদের কাছে। পরে তা যায় সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের (সিসিডিআই) কর্মকর্তাদের কাছে। তাঁরাই শুয়াংগুই পরিচালনা করেন।
গত মাসে সিসিডিআই সুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে তদন্ত শুরু করে। এর কয়েক দিন পর তিনি কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদ হারান। সু সিপিপিসিসির ভাইস চেয়ারম্যান ছিলেন। সু রংয়ের সামনে গুরুতর শাস্তি অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি অবলম্বনে।