চীনের জনপ্রিয় সাপ্তাহিক সাউদার্ন উইকলির সাংবাদিকেরা সরকারি নিয়ন্ত্রণের (সেনসরশিপ) প্রতিবাদে পত্রিকাটির গুয়াংঝু কার্যালয়ের সামনে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন। দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে বিক্ষোভের ঘটনা বিরল। বিক্ষোভকারী সাংবাদিকদের ব্যানারে লেখা ছিল, ‘আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবিধানিক শাসনব্যবস্থা ও গণতন্ত্র চাই।’উদারপন্থী পত্রিকা সাউদার্ন উইকলি পাঠকদের উদ্দেশে গত সপ্তাহে নববর্ষের শুভেচ্ছা জানায়। কিন্তু সরকারি প্রচার বিভাগ ওই লেখা বাদ দিয়ে সেখানে কমিউনিস্ট পার্টির প্রতি শ্রদ্ধাপূর্ণ একটি লেখা প্রকাশ করে। এতে পত্রিকাটির সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভের সিদ্ধান্ত নেন এবং সরকারি প্রচার বিভাগের প্রধান তুও ঝোনের পদত্যাগ দাবি করে একাধিক চিঠি দেন। দক্ষিণাঞ্চলীয় গুয়াংডন প্রদেশের রাজধানী গুয়াংঝুতে অনুষ্ঠিত বিক্ষোভে পত্রিকাটির পাঠক ও সমর্থকেরাও যোগ দেন। তাঁদের বেশির ভাগই তরুণ।চীনের সব ধরনের সংবাদমাধ্যমকে সরকারের প্রচার বিভাগের নির্দেশনা মেনে চলতে বাধ্য করা হয়। ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির বিবেচনায় ‘নেতিবাচক’ যেকোনো সংবাদ ওই সরকারি দপ্তর চাইলে বাদ দিতে পারে। এ ব্যাপারে সাংবাদিকদের আপত্তি অগ্রাহ্য করা হয়। এ ছাড়া ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমের ওপরও চীনা সরকারের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।