চীনে সাবেক গোয়েন্দা উপপ্রধানকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দেশটির সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার সাবেক উপপ্রধান মা জিয়ানকে দল থেকে বহিষ্কার করেছে। গতকাল শুক্রবার দলটির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। দেশটির শৃঙ্খলা পরিদর্শনবিষয়ক কেন্দ্রীয় কমিশন (সিসিডিআই) এক বিবৃতিতে বলেছে, মা জিয়ানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ নেওয়ার অভিযোগ আছে। বিবৃতিতে বলা হয়, ‘তিনি গুরুতরভাবে রাজনৈতিক শিষ্টাচার এবং নিয়মনীতি ভঙ্গ করেছেন। তিনি একটি সাংগঠনিক তদন্তের মধ্যে থাকা অবস্থায় মামলার সঙ্গে সম্পর্কিত অর্থ ও সম্পদ গোপন এবং স্থানান্তর করেছেন।’ মা জিয়ানের মামলাটি বিচার বিভাগে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বিচারের সম্মুখীন হবেন এবং দোষী সাব্যস্ত হলে কারাবরণ করবেন—বিষয়টি প্রায় নিশ্চিত। চীনে দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে ক্ষমতাসীন দলের ১০ লাখের বেশি সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে।
এএফপি