চীনে সাম্প্রতিক কিছু হামলার ঘটনাক্রম
২০০৮
জুলাই: ইউনান প্রদেশের কুনমিংয়ে এক ব্যক্তি দুটি বাসে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় দুজন নিহত ও ১৪ জন আহত হয়।
২০০৯
জুন: সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু শহরে এক বেকার লোক একটি বাসে আগুন ধরিয়ে দিলে ২৮ জন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়।
২০১০
জুলাই: হুনান প্রদেশের রাজধানী চাংশা শহরে ব্যবসায় ক্ষতিগ্রস্ত এক লোক একটি বাসে আগুন ধরিয়ে দিলে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়।
২০১১
মে: জিয়াংশি প্রদেশের ফুঝু শহরের তিনটি সরকারি দপ্তরের বাইরে বিস্ফোরণ ঘটানোর পর এক ব্যক্তি আত্মহত্যা করেন। ওইসব বিস্ফোরণে দুজন নিহত হয়।
জুন: তিয়ানজিন বন্দর শহরের এক বাসিন্দা স্থানীয় একটি সরকারি ভবনে বিস্ফোরণ ঘটান। এতে দুজন আহত হয়।
২০১৩
জুন: ফুজিয়ান প্রদেশের শিয়ামেন শহরে এক ব্যক্তি একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেন। বাসে আগুনের ঘটনায় ৪৬ জন প্রাণ হারায়।
জুলাই: বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রতিবন্ধী লোক একটি বিস্ফোরণ ঘটান। এতে তিনি নিজেও আহত হন। পরে তাঁর ছয় বছরের কারাদণ্ড হয়।
অক্টোবর: রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুই পর্যটক নিহত হন। আরোহীরা নিজেরাই গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এতে ওই তিন যাত্রীরও মৃত্যু হয়। সরকার এ ঘটনার জন্য ‘বিচ্ছিন্নতাবাদী মুসলিম সন্ত্রাসীদের’ দায়ী করেছে। পুলিশ বলেছে ওই তিন আরোহীই জাতিগত উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজেং প্রদেশের বাসিন্দা। এএফপি।