চীনে সেই বোমা বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) একটি আঞ্চলিক কার্যালয়ের কাছে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তিকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের তাইউয়ান শহরে সিপিসির কার্যালয়ের কাছে গত বুধবার ওই বোমা বিস্ফোরণে একজন নিহত এবং আট ব্যক্তি আহত হন। বোমাগুলো হাতে তৈরি ছিল বলে ধারণা করা হচ্ছে।
তাইউয়ানের পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় ফেং ঝিজুন নামের স্থানীয় একজন বাসিন্দাকে (৪১) গতকাল সকালে গ্রেপ্তার করা হয়। এর আগেও তিনি চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ফেং বোমা বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ আরও জানায়, বিস্ফোরণের ঘটনায় তারা কিছু প্রমাণ সংগ্রহ করতে পেরেছে। এর মধ্যে ওই ব্যক্তির বাড়িতে পাওয়া বিস্ফোরকদ্রব্যও রয়েছে।
বোমা বিস্ফোরণের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।
সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার প্রেক্ষাপটেই আজ শনিবার রাজধানী বেইজিংয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সিপিসির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক বৈঠক শুরু হচ্ছে। শানশির দলীয় কার্যালয়ের কাছে বোমা হামলার কয়েক দিন আগে রাজধানীর তিয়েনআনমেন স্কয়ারে এক হামলার ঘটনা ঘটে। বিবিসি।