চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর জন্য সে দেশের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার জার্মানির বার্লিনের একটি হোটেলে চীন ও জার্মানির ব্যবসায়ী নেতাদের একটি বৈঠকে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিন দিনের যুক্তরাজ্য সফর শেষে গত সোমবার রাতে বার্লিন পৌঁছান জিয়াবাও। জিয়াবাও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নাগরিকদের বেছে নেওয়া রাজনৈতিক ব্যবস্থা ও উন্নয়নের মডেলকে চীন শ্রদ্ধা করে। এর বিনিময়ে আমরা চাই, ইইউ আমাদের ভূখণ্ডের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও চীনা নাগরিকদের স্বাধীনতার অধিকারকে সম্মান করুক।’ তিনি বলেন, ‘আমরা ইউরোপের কোনো দেশের অযাচিত উপদেশ গ্রহণ করব না।’পরে বার্লিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন জিয়াবাও। এ সময় তিনি বলেন, চীন ও জার্মানির ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক হাজার ৫০০ কোটি ডলারে বেশি অর্থের চুক্তি সই করেছে। সোমবার রাতে বার্লিনের উপকণ্ঠ লিবারম্যান ভিলায় মেরকেলের সঙ্গে একটি অনানুষ্ঠানিক ভোজে যোগ দেন জিয়াবাও। এ সময় মেরকেল বলেন, ‘কয়েকটি নির্দিষ্ট ইস্যুর ব্যাপারে আমাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। আমার বিশ্বাস, আমরা বিষয়গুলো আলোচনা করতে পারি।’ গত রোববার চীনের প্রখ্যাত ভিন্নমতাবলম্বী হু জিয়ার মুক্তির ঘটনাকে স্বাগত জানায় জার্মানি। এর কয়েক দিন আগে চীনের স্পষ্টভাষী শিল্পী আই ওয়েইওয়েইকে তিন মাস আটক রাখার পর মুক্তি দেওয়া হয়। জার্মানিসহ পশ্চিমা দেশগুলো অবিলম্বে ওয়েইওয়েইকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে হু জিয়া ও ওয়েইওয়েইয়ের ওপর চীন সরকারের নিষেধাজ্ঞাসহ গণমাধ্যমে তাঁদের কথা বলতে না দেওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন।এর আগে যুক্তরাজ্য সফরের শেষ দিনে গত সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ১৬০ কোটি ইউরোর একটি বাণিজ্য চুক্তি সই করেন জিয়াবাও। পরে দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। ৪৫ মিনিটের ওই সংবাদ সম্মেলনে চীন ও যুক্তরাজ্যের মধ্যে বিশেষ সম্পর্কের চেয়েও বাস্তবসম্মত সম্পর্ক চালিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেন তাঁরা। একই দিন সকালে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে আলোচনাও করেন দুই নেতা। গত শনিবার ওয়েন জিয়াবাও রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যান।সংবাদ সম্মেলনে ক্যামেরন স্বীকার করেন, চীন যুক্তরাজ্যকে বাণিজ্যের ‘বড় ধরনের’ সুযোগ দিয়েছে। তবে মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন ও লিবিয়াসহ বিভিন্ন ইস্যুতে দুই নেতা ভিন্নমত পোষণ করেন।ক্যামেরন স্বীকার করেন, চীন ও যুক্তরাজ্য দুটি ভিন্ন দেশ এবং দেশ দুটির ইতিহাসও ভিন্ন। তবে ক্যামেরন জোর দিয়ে বলেন, ‘সুশীল সমাজের অগ্রগতি, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা আমাদের সবার জন্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভিত্তি রচনা করতে পারে।’ এএফপি।