চীনের উদ্যোগে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণাধীন বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াওউ দ্বীপ এলাকায় ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠায় বেইজিংয়ের উদ্যোগে গভীর উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন।
আজ রোববার এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল শনিবার এ উদ্বেগ প্রকাশ করেন। পরিকল্পনা বাস্তবায়ন না করার জন্যও বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, বিরোধপূর্ণ দ্বীপ এলাকায় প্রবেশকারী যেকোনো আকাশযানকে অবশ্যই কিছু নিয়মনীতি মেনে চলতে হবে। আর এসব নিয়ম লঙ্ঘন কিংবা আকাশযান শনাক্তকরণে অসহযোগিতা করলে প্রতিরক্ষামূলক জরুরি ব্যবস্থা নিতে চীনা সশস্ত্র বাহিনী বাধ্য হবে।
বেইজিংয়ের এই পদক্ষেপকে অত্যন্ত ভয়ংকর বলে অভিহিত করেছে টোকিও।
চীনের এ ঘোষণায় জাপানের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ আরও বাড়তে পারে।
জেনেভা সফরকালে জন কেরি বলেন, পূর্ব চীন সাগরে বিমান প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে চীনের ঘোষণায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।
কেরি আরও বলেন, বেইজিংয়ের এ ধরনের উদ্যোগ ওই অঞ্চলে উত্তেজনা বাড়াবে। বাড়াবে অঘটনের ঝুঁকি। বিমান প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাপান ও অন্য মিত্রদের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম টুইটারে পরিকল্পিত বিমান প্রতিরক্ষা অঞ্চলের একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশসহ পূর্ব চীন সাগরের বিশাল অঞ্চলকে চীনের সীমানাভুক্ত দেখানো হয়।