চীনের একক পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল তাইওয়ান
চীনের একক পর্যটকদের তাইওয়ান ভ্রমণের ওপর দীর্ঘদিন ধরে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কেউ এককভাবে গেলে অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বেশি আয়ের দ্বীপটিতে থেকে যেতে পারেন, এ আশঙ্কায় ওই নিষেধাজ্ঞা জারি ছিল।গতকাল বুধবার কয়েক দশক ধরে জারি থাকা ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এ ঘোষণা দিয়ে তাইওয়ানের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, চীনা পর্যটকেরা ‘শান্তির দূত’ হিসেবে কাজ করবেন।স্থানীয় গণমাধ্যম জানায়, মূল ভূখণ্ডের একক পর্যটকদের প্রথম দলটি আগামী মঙ্গলবার তাইওয়ান পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তাঁরা বেইজিং, সাংহাই ও জিয়ান থেকে বেড়াতে যাচ্ছেন।১৯৪৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর চীনের ভাষায় ‘বিদ্রোহী’ দ্বীপ তাইওয়ান ও মূল ভূখণ্ডের মধ্যে ভ্রমণ বন্ধ হয়ে যায়। তার পর থেকে মূল ভূখণ্ড চীনের পর্যটকেরা শুধু দলবদ্ধভাবে তাইওয়ান সফরে যেতে পারতেন।প্রাথমিকভাবে প্রতিদিন চীন থেকে ৫০০ জন একক পর্যটককে প্রবেশ করতে দেবে তাইওয়ান। দুই ভূখণ্ডের মধ্যে সম্পর্ক রক্ষায় প্রতিষ্ঠিত সংস্থা ‘স্ট্রেইট এক্সচেঞ্জ ফাউন্ডেশনের’ উপমহাসচিব মা শাও-চাং বলেন, ‘চীনা পর্যটকেরা হবেন শান্তির দূত। একক সফর তাঁদের তাইওয়ানকে গভীরভাবে বুঝতে সহায়তা করবে। এএফপি।