চীনের ক্ষোভ সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পুরস্কৃত হলেন দালাই লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের ব্যাপারে চীনের ক্ষুব্ধ প্রতিবাদ সত্ত্বেও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের জন্য যুক্তরাষ্ট্রে পুরস্কৃত হলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা।বারাক ওবামার সঙ্গে বৈঠকের এক দিন পর ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি গত শুক্রবার লাইব্রেরি অব কংগ্রেসে বিপুল মানুষের উপস্থিতিতে দালাই লামাকে একটি মেডেল দেয়। একটি গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন এবং তিব্বতিরা চাইলে শতাব্দীপ্রাচীন আধ্যাত্মিক পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় দালাই লামার প্রশংসা করে মার্কিন কংগ্রেসের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি। দালাই লামার গলায় ডেমোক্রেসি সার্ভিস মেডেল পরিয়ে দেওয়ার আগে এনডাউমেন্টের প্রেসিডেন্ট কার্ল গার্সম্যান বলেন, ‘বর্বর শক্তি ও নির্যাতন মোকাবিলায় তিনি যে নৈতিক সাহস ও আত্মবিশ্বাস প্রদর্শন করেছেন, তা কেবল নিজ লোকজনের ভেতরে নয়, বরং বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের মাঝেও আশার সঞ্চার করেছে।’ দালাই লামা ১৯৫৯ সালে চীনশাসিত তিব্বত থেকে ভারতে নির্বাসনে যান। তিনি যুক্তরাষ্ট্র ও ভারতীয় গণতন্ত্রের প্রশংসা করে বলেন, চীনের কর্তৃত্ববাদী ব্যবস্থা বেশি দিন টিকবে না। তিনি বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টি অনেক ভুল কাজ করেছে। কিন্তু একই সঙ্গে চীনকে শক্তিশালী করতে পার্টি প্রচুর অবদানও রেখেছে।’ এদিকে হুঁশিয়ারি সত্ত্বেও দালাই লামাকে হোয়াইট হাউসে স্বাগত জানানোয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাউজু বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ। এ ছাড়া যুক্তরাষ্ট্র চীনা জনগণের অনুভূতিতেও আঘাত হেনেছে এবং চীন-মার্কিন সম্পর্কের মারাত্মক ক্ষতি করেছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ওবামা ও হিলারি ক্লিনটনের সঙ্গে দালাই লামার এ বৈঠক তিব্বতি নেতার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মার্কিন সংলাপেরই অংশ।উল্লেখ্য, চীনের আপত্তি সত্ত্বেও গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামা ও দালাই লামার মধ্যকার নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এএফপি।