চীনের কড়া হুঁশিয়ারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রথম বিমানবাহী রণতরি লিয়াওনিংয়ের আনুষ্ঠানিকভাবে সাগরে ভাসাকে জাপানসহ কয়েকটি দেশের প্রতি বেইজিংয়ের কঠোর বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা। লিয়াওনিং গতকাল মঙ্গলবার চীনের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে চীনের উত্তেজনা চলছে। জাপানে সেনকাকু ও চীনে দিয়াওউ নামে পরিচিত এই দ্বীপপুঞ্জ বর্তমানে টোকিওর নিয়ন্ত্রণে রয়েছে। টোকিওর দাবি, ব্যক্তিমালিকানাধীন এই দ্বীপপুঞ্জ তারা কিনে নিয়েছে। তবে চীন ও তাইওয়ান এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করছে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত কিছু দ্বীপের মালিকানা নিয়েও চীনের সঙ্গে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের বিরোধ চলছে।সমুদ্রে বিরোধ নিয়ে জাপানের সঙ্গে উত্তেজনাপূর্ণ সময়ে লিয়াওনিংয়ের সাগরে ভাসাকে সমুদ্রসীমা নিয়ে চীনের উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি প্রকাশিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমাতে গতকাল বেইজিংয়ে চীন ও জাপানের মধ্যে উচ্চপর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে অংশ নিচ্ছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝাং ঝিজুন ও জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী চিকাও কাওয়াই। এই বৈঠকে চীনের আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন ঘটেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঝাং ঝিজুন জাপানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাপান একতরফাভাবে চীনের সার্বভৌমত্বের প্রতি ন্যূনতম আঘাত করলে বেইজিং তা কখনোই সহ্য করবে না।উত্তেজনা কমাতে বেইজিংয়ে যখন গত সোমবার উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন চলছিল, তখন তাইওয়ানের অন্তত ৫৮টি মাছ ধরা নৌকা বিতর্কিত ওই এলাকায় প্রবেশ করে। এ সময় তাইওয়ান কোস্টগার্ড তাদের সঙ্গে ছিল। তবে মাছ ধরার নৌকা ও কোস্টগার্ড কয়েক ঘণ্টা পর চলে যায়। জাপানের কোস্টগার্ড জানায়, নৌকাগুলোর প্রতি সতর্কবার্তা পাঠানো হয়েছিল। অন্য বিষয়ে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক যা-ই হোক, এই দ্বীপপুঞ্জের ব্যাপারে তাইওয়ান চীনের অবস্থানকেই সমর্থন করে।টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক নারুসিজে মিচিসিতা বলেন, তিনি মনে করেন চীন তার নৌবাহিনীর সামর্থ্য বাড়াতে এই রণতরি সাগরে ভাসিয়েছে। কোনো কোনো বিশ্লেষকের মতে, চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসের আগে দেশটির এই উদ্যোগ তাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রতীকী পদক্ষেপ হতে পার। বিবিসি ও রয়টার্স।