চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) এক আঞ্চলিক কার্যালয়ের কাছে বুধবারের উপর্যুপরি বিস্ফোরণের ঘটনাটিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেমন গুরুত্ব দেয়নি। গতকাল বৃহস্পতিবার খবরটি কম গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে তারা।
উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের তাইউয়ান শহরে সিপিসির কার্যালয়ের কাছে গত বুধবার ওই বিস্ফোরণে একজন নিহত হয়।
সরকার ওই ঘটনার জন্য কোনো সম্ভাব্য কারণের কথা এখনো বলেনি। পাশাপাশি একে অতিরঞ্জিত করে প্রচার না করতে সতর্ক করে দিয়েছে।
রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গত সপ্তাহে একটি হামলার পর এ ঘটনাটি ঘটল। তিয়েনআনমেন স্কয়ারের হামলার জন্য ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের’ দায়ী করা হয়েছে।
সিপিসির সঙ্গে ঘনিষ্ঠ পত্রিকা গ্লোবাল টাইমস প্রকাশিত সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, তাইউয়ানে বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তদন্তকারীদের সময় প্রয়োজন। ঘটনাটির প্রভাবকে অতিরঞ্জিত করে প্রচারের সুযোগ নেই।
বিস্ফোরণের খবরটি গ্লোবাল টাইমস প্রথম পাতায় ছাপলেও রাষ্ট্রনিয়ন্ত্রিত চায়না ডেইলি ছেপেছে তৃতীয় পাতায়। সাংহাইভিত্তিক পত্রিকা চায়না বিজনেস নিউজ জানায়, সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি করছে। বিস্ফোরণের পর পরই তিনি একটি কালো গাড়িযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
চীনে সম্প্রতি সহিংস হামলার ঘটনা বাড়ছে। ধারণা করা হয়, সরকারবিরোধী জনগণের একাংশ এসব হামলার সঙ্গে জড়িত। এএফপি।