তাইওয়ান প্রথমবারের মতো চীনের দিকে তাক করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। স্থানীয় সংবাদমাধ্যমে গতকাল সোমবার প্রকাশিত খবরে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে লিবার্টি টাইমস পত্রিকা জানায়, তাইওয়ান ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ‘সিউংফেং’ ২ই-এর ব্যাপক উৎপাদন করেছে। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০২ কোটি মার্কিন ডলার।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। চীনা সেনাবাহিনী তাইওয়ানের বিরুদ্ধে ব্যবহারের জন্য অন্তত এক হাজার ৬০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বলে তাইওয়ানের বিশেষজ্ঞরা দাবি করেছেন। তাইপেভিত্তিক এশিয়া-প্যাসিফিক ডিফেন্স সাময়িকীর প্রধান সম্পাদক কেভিন চেং বলেন, তাইওয়ান অন্তত ১০০টি সিউংফেং ২ই ক্ষেপণাস্ত্র চীনের দিকে তাক করে রেখেছে। তাইওয়ান প্রণালিতে যুদ্ধ শুরু হলে চীনা সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও বিমানবন্দরে হামলার জন্য এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। তাইওয়ান দ্বীপটি দখলের জন্য চীন দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। তবে সে জন্য দেশটির ওপর কোনো ধরনের চাপ প্রয়োগের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে চীন। ২০০৮ সালে মা ইং-জিউ তাইওয়ানের ক্ষমতায় আসার পর থেকে তাইওয়ান প্রণালিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এএফপি।