চীনের ধনকুবেরদের অনেকেই বিদেশে পাড়ি জমাতে চান
চীনের অবকাঠামোগত ও জীবনের মানে বড় ধরনের উন্নয়ন হয়েছে। তা সত্ত্বেও দেশটির প্রতি সাতজন মিলিয়নিয়ারের একজন বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ব্যাংক অব চায়না ও হুরুন রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ৪০ পৃষ্ঠার ওই গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, চীনের ১৮টি শহরের ১৪ শতাংশ মিলিয়নিয়ার বিদেশে অভিবাসী হওয়ার জন্য এরই মধ্যে আবেদন করেছেন কিংবা তাঁদের আবেদনের প্রক্রিয়া চলছে। তাঁদের এক-তৃতীয়াংশের আবার বিদেশে সম্পত্তি রয়েছে। এক-তৃতীয়াংশ বিদেশে বিনিয়োগ করেছেন।চীনে হাজারো মিলিয়নিয়ার রয়েছেন। তাঁদের অনেকেই সম্পত্তির উচ্চমূল্যের ঘাড়ে সওয়ার হয়ে বিত্তবান হয়েছেন। এ মিলিয়নিয়ারদের একটা অংশ বিদেশে অভিবাসী হওয়ার অর্থ দাঁড়ায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে মন্দাক্রান্ত অর্থনীতিতে আরও তহবিল সরবরাহ করবেন তাঁরা। ৯৮০ জন মিলিয়নিয়ারের ওপর চালানো জরিপ থেকে দেখা গেছে, তাঁদের গড় সম্পদ ৯৪ লাখ ৪০ হাজার ডলার। জরিপে অংশ নেওয়া মিলিয়নিয়ারদের গড় বয়স ৪২ বছর।বিদেশে অর্থ বিনিয়োগ করেছেন, জরিপে অংশ নেওয়া এমন ধনকুবেরদের এক-তৃতীয়াংশ বলেছেন, তাঁদের বিদেশে অভিবাসী হওয়ার সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। অর্ধেক আবার বলেছেন, বিদেশে তাঁদের ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে উন্নত মানের শিক্ষা পাবে, এই আশায় তাঁরা এই অর্থ বিনিয়োগ করেছেন। চীনের ধনী ব্যক্তিদের ৬০ শতাংশ ভবিষ্যতে তাঁদের ছেলেমেয়েদের ওপর নিজেদের ব্যবসার দায়িত্ব দিতে চান।গত বছরের মে থেকে সেপ্টেম্বরে বিতরণ করা প্রশ্নাবলির উত্তরের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। রয়টার্স।