চীনের নারী নভোচারী নিয়ে মহাকাশ কেন্দ্রে ভিড়েছে শেনঝু-৯
চীনের মহাকাশযান শেনঝু-৯ তিনজন নভোচারী নিয়ে তিয়ানগং-১ মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে সফলভাবে যুক্ত হয়েছে। গতকাল সোমবার গ্রিনিচ সময় সকাল ছয়টা সাত মিনিটে এটি মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়। চীনের প্রথম নারী নভোচারীসহ তিনজনকে নিয়ে যানটি গত শনিবার যাত্রা শুরু করেছিল। ৩৩ বছর বয়সী নারী লিউ ইয়াংয়ের সঙ্গী দুই নভোচারী হলেন: কমান্ডার জিং হাইপেং (৪৬) ও সহযোগী উড্ডয়ন প্রকৌশলী লিউ ওয়াং (৪২)। মহাকাশ কেন্দ্রে যুক্ত হওয়ার পরও নভোচারীদের শেনঝু-৯-এর ভেতরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়। যান দুটির ভেতরের চাপে সমতা আসার পরই তাঁরা দরজা খুলে বের হন। প্রথমে কমান্ডার জিং মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রবেশ করেন। এরপর প্রবেশ করেন লিউ ওয়াং। প্রায় ২০ মিনিট দেরিতে প্রবেশ করেন লিউ ইয়াং।মহাকাশে চীনের এটা ছিল চতুর্থ মনুষ্যবাহী মিশন। এর আগে গত বছর দেশটি মনুষ্যবিহীন নভোযান শেনঝু-৪ মহাকাশ গবেষণা কেন্দ্রে পাঠায়। সেটি ছিল বর্তমানের এই মিশনের জন্য পরীক্ষামূলক একটি পদক্ষেপ। তখন ওই মহাকাশ যানটি সফলভাবে কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছিল। ফলে তারা এই মনুষ্যবাহী মিশনটি পরিচালনার সিদ্ধান্ত নেয়। বিবিসি।