চীনের নেতৃত্বে নতুন এলাকায় তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন সপ্তাহ পর মালয়েশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর সম্ভাব্য ধ্বংসাবশেষের সন্ধানে গতকাল শনিবার থেকে ভারত মহাসাগরের নতুন এলাকায় শুরু হয়েছে জোর তল্লাশি। এতে নেতৃত্ব দিচ্ছে চীন।
সম্ভাব্য ধ্বংসাবশেষ নিয়ে কয়েকটি দেশের উপগ্রহের ধারণ করা বেশ কিছু ছবি প্রকাশিত হলেও বাস্তবে কিছুরই সন্ধান পাওয়া যায়নি। তবে নতুন এলাকায় শুরু হওয়া এই তল্লাশি অভিযানের মধ্য দিয়ে উড়োজাহাজের সত্যিকার ধ্বংসাবশেষ মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রায় নরওয়ের সমান আয়তনের এক বিশাল নতুন এলাকাজুড়ে ওই তল্লাশি শুরু হয়েছে। মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের ২৩৯ জন যাত্রীর মধ্যে ১৫৩ জনই চীনের।
গত শুক্রবার উড়োজাহাজ থেকে তোলা ছবিতে ভারত মহাসাগরের নতুন এক এলাকায় কিছু বস্তুর দেখা মেলে। এর পরই চীনের হাইজুন-০১ নামের বিশেষ জাহাজ নির্দিষ্ট এলাকায় গতকাল থেকে অভিযান শুরু করেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে একটি বিমানঘাঁটি থেকে আটটি উড়োজাহাজ এই অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে। এগুলোর মধ্যে চীনা বিমানবাহিনীর ইলুইশিন আইএল-৭৬ এরই মধ্যে ঘাঁটি ছেড়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, উড়োজাহাজের ক্রুরা সাগরে তিনটি অশনাক্তকৃত বস্তু ভাসতে দেখেছেন। বস্তু তিনটি সাদা, লাল ও কমলা রঙের। হাইজুন-০১ জাহাজ বস্তুগুলো উদ্ধারের চেষ্টা চালাবে।
মালয়েশিয়া আগেই ঘোষণা দিয়েছে, উড়োজাহাজটি নিশ্চিতভাবে সাগরে হারিয়ে গেছে। সম্ভবত যাত্রীদের কেউই বেঁচে নেই। এএফপি ও রয়টার্স।