সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের তত্ত্বাবধানে অবরোধ আরোপসহ যেকোনো ধরনের সামরিক অভিযান চালানোর ব্যাপারে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে নিরাপত্তা পরিষদ। চীনের পর এবার রাশিয়াও সিরিয়ার ক্ষমতাসীন সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সাবধান করে দিয়েছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ অনুমোদনের উদ্যোগ নিলে চীনকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ শক্তি প্রয়োগ করতে চায়, এটি হবে তাদের নিজস্ব নীতিগত বিষয়। তারা নিরাপত্তা পরিষদের কাছ থেকে কোনো কর্তৃত্ব অর্জন করেনি।সিরিয়া রাশিয়ার অস্ত্রের বড় ক্রেতা। গত সপ্তাহে রাশিয়ার একটি জাহাজ সিরিয়ার তারতাস বন্দরে ভিড়েছে। ওই জাহাজ থেকে অস্ত্র খালাস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ওই জাহাজের সিরিয়া যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। বিষয়টি নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টির ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তার কারণ, আমরা কোনো আন্তর্জাতিক চুক্তি বা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ভঙ্গ করিনি।’ রয়টার্স।