চীনের প্রথম বিমানবাহী জাহাজ সাগরে নেমেছে
চীন তাদের প্রথম বিমানবাহী জাহাজ পরীক্ষামূলকভাবে সাগরে নামিয়েছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার এ কথা জানায়।চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী প্রথম সামুদ্রিক যাত্রা বেশি দীর্ঘায়িত হবে না। এই যাত্রা শেষে বন্দরনগর দালিয়ানের পোতাশ্রয়ে ফিরিয়ে এনে জাহাজটির আরও সংস্কার করা হবে।এই জাহাজ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনার পর গত মাসের শেষের দিকে চীন জানায়, ইউক্রেনের কাছ থেকে কেনা পুরোনো বিমানবাহী জাহাজটি মেরামত করে প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে তা করা হবে।চীনের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও সামরিক সক্ষমতা বাড়ানো নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে তাদের প্রতিবেশী দেশগুলো। রাডার ফাঁকি দিতে সক্ষম এমন জঙ্গি বিমানসহ উচ্চপ্রযুক্তির নতুন নতুন যুদ্ধসরঞ্জাম প্রতিনিয়ত যোগ হচ্ছে চীনের সেনাবাহিনীতে।ভারিয়াগ নামের বিমানবাহী জাহাজটি সোভিয়েত ইউনিয়নেরই তৈরি। তবে এটির নির্মাণ শেষ হওয়ার আগেই ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, যে কারণে নির্মাণ অসম্পূর্ণ থেকে যায়। পরে এটি ইউক্রেনের কাছে চলে যায়। বেশ কয়েক বছর আগে চীন ইউক্রেনের কাছ থেকে এটি কিনে নেয়।চীনের সেনাবাহিনীর তদারককারী প্রতিষ্ঠান কানওয়া ইনফরমেশন সেন্টারের প্রধান আন্দ্রেই চ্যাং জানিয়েছেন, জাহাজটির প্রথম সামুদ্রিক যাত্রা ঘণ্টাখানেক স্থায়ী হতে পারে। বিভিন্ন যন্ত্রপাতি কাজ করে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্যই এটি সাগরে নামানো হচ্ছে। আরও দু-এক বছর এভাবে বারবার সাগরে নামিয়ে পরীক্ষা করা হবে।চীনের নৌশক্তি বৃদ্ধি এবং সে দেশের সামরিক বাজেট বাড়তে থাকায় গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেছে জাপান। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ানও বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন।তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আত্মরক্ষামূলক সামরিক নীতিতে চীন অবিচল থাকবে। কাজেই চীনকে নিয়ে প্রতিবেশীদের উদ্বেগের কিছু নেই। তবে নিজেদের বিশাল সমুদ্রসীমা ও উপকূলভাগ সুরক্ষিত রাখার অধিকার চীনের আছে। এটা চীনের প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এএফপি, রয়টার্স।