চীনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭২

চীনের উত্তর ও দক্ষিণাঞ্চলে গত কয়েক দিনের বন্যায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
পিটিআই বলছে, চীনের গুয়ানদঙ প্রদেশে রাতভর বৃষ্টির পর গতকাল নয়জন নিহত হয়েছে।
পুনিঙ শহরের পৌর প্রশাসনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, শহরের আট ব্যক্তি বন্যায় মারা গেছে।
রাষ্ট্রনিয়ন্ত্রিত সিনহুয়া জানিয়েছে, জিনিং এলাকায় এক ব্যক্তি মারা গেছে, এবং দুজন নিখোঁজ আছে।
লাইয়োনিং প্রদেশের ফুশান শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। তারা জানিয়েছে, শহরটির ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা।
লাইয়োনিং প্রদেশে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা বর্ষণ হয়েছে। এতে ফুশান শহরের নদীগুলো ফুঁসে উঠেছে এবং অনেক এলাকা প্লাবিত করেছে। প্রদেশটির লঙয়ু, সুকু ও শুইদুন শহরের বিদ্যুত্ ও যোগাযোগ-ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া চীনের গুয়াঙজি জুয়াঙ স্বায়ত্তশাসিত এলাকার গুইগ্যাঙ শহরে একটি ট্রাক ভূমিধসের কবলে পড়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। তবে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা জানা যায়নি। দুর্গত মানুষকে উদ্ধারে দেশটির দমকলকর্মীরা কাজ করছেন।