চীনের বাইরে নিরাপদ আশ্রয়ে যেতে চান চেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভিন্নমতাবলম্বী নেতা চেন গুয়াংজেং গতকাল বৃহস্পতিবার দেশের বাইরে নিরাপদ আশ্রয় কামনা করেছেন। তিনি নিজের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন। চেন গত সপ্তাহে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। গত বুধবার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার ভিত্তিতে দূতাবাস ছেড়ে বেইজিং হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি চীন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে ফোনে কথা বলেন। এর এক দিন পরই জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে দেশের বাইরে নিরাপদ আশ্রয় কামনা করলেন তিনি।বেইজিং হাসপাতালে চিকিৎসাধীন চেন টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি বিদেশে যেতে চাই। আমাকে ও আমার পরিবারের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাই। এর আগেও দেশটি আমাকে সাহায্য করেছে।’ ভিন্নমতাবলম্বী এই নেতা বলেন, ‘আমি এখানে নিজেকে নিরাপদ মনে করছি না। আমি এই দেশ ছেড়ে যেতে চাই।’ চেন আরও বলেন, ‘মার্কিন দূতাবাসে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। এখন এই সিদ্ধান্ত নিয়েছি।’ মার্কিন কর্মকর্তারা বলছেন, বেইজিং চেন ও তাঁর পরিবারের সঙ্গে মানবিক আচরণ করা এবং নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে।সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে চেন বলেন, তিনি পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়ার পর তাঁর স্ত্রীকে চেয়ারের সঙ্গে দুই দিন বেঁধে রাখে পুলিশ। এ সময় তাঁর স্ত্রীকে হত্যার হুমকিও দেওয়া হয়। ‘এক সন্তান’নীতির দেশ চীনে চেন জোর করে গর্ভপাত করানোর বিপক্ষে ছিলেন। এর বিরুদ্ধে প্রচারাভিযানও চালান। তিনি ২০১০ সালের সেপ্টেম্বর থেকে গৃহবন্দী ছিলেন। এএফপি।