চীনের বাজারে পণ্যের সহজ প্রবেশ চেয়েছে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল চীনের বাজারে তাঁর দেশের পণ্যের প্রবেশাধিকার আরও সহজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনের সঙ্গে জার্মানির কয়েক শ কোটি ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে। চীন ও জার্মানি বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ।বাণিজ্য চুক্তি সইয়ের পর মেরকেল চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন। তাঁরা বাণিজ্য, জ্বালানি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় মেরকেল বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ চীনে তাঁর দেশের আরও পণ্যের প্রবেশাধিকার দাবি করেন।বৈঠক শেষে মেরকেল সাংবাদিকদের বলেন, জার্মানির বাজারে বিভিন্ন দেশের মতো চীনা কোম্পানিগুলোরও সহজ প্রবেশাধিকার আছে। তিনি আশা প্রকাশ করেন, জার্মানির বিভিন কোম্পানিও চীনের বাজারে ওই একই সুযোগ পাবে।কয়েক বছর ধরে চীন-জার্মানি বাণিজ্য চীনের অনুকূলে রয়েছে। গত বছর চীন জার্মানিতে রপ্তানি করেছে পাঁচ হাজার ৫০০ কোটি ডলারের পণ্য। অন্যদিকে জার্মানি চীনের বাজারে রপ্তানি করেছে তিন হাজার ৬০০ কোটি ডলারের পণ্য। এএফপি।