চীনের পাঁচজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে বেইজিং৷ উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছুড়েছে অভিযোগের তির৷ বেইজিংয়ের অভিযোগ, চীনসহ অন্য দেশে বরং যুক্তরাষ্ট্রই গোপন গোয়েন্দাগিরি করে আসছে৷ যুক্তরাষ্ট্র এ ধরনের ‘ভণ্ডািম’ ও ‘দ্বৈতনীতি’ অবলম্বন করে থাকে৷ খবর বিবিসির৷
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া গতকাল মঙ্গলবার এক খবরে জানায়, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের এ ঘটনায় বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাক্স বাউকাসকে গত সোমবার রাতে তলব করেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেং জেগুয়াং৷ বেইজিং হুঁশিয়ার করে দিয়ে বলেছে, এ ঘটনার জের ধরে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে৷
মার্কিন কেঁৗসুলিদের অভিযোগ, চীনের ওই কর্মকর্তারা পাঁচটি কোম্পানি ও একটি শ্রমিক ইউনিয়নের গোপন তথ্য ও দলিলপত্র চুরি করেছেন৷ তবে ধারণা করা হচ্ছে, ওই পাঁচ সেনা কর্মকর্তার কাউকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না চীন৷
গতকাল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন সরকার ও সেনাবাহিনী কখনোই সাইবার গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত নয়৷ বরং যুক্তরাষ্ট্রই দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সরকারপ্রধান, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের ওপর গোপন নজরদারি চালিয়ে আসছে৷ তঁাদের গোপন নথি চুরি করেছে৷ বিষয়টি বিশ্ববাসী জানে৷ এ ধরনের সাইবার অপরাধ কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে প্রযুক্তি ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করেছে৷
মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া উইকিলিকস এবং মার্কিন গোপন নজদারির বিষয়ে এডওয়ার্ড স্নোডেনের হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়৷ এতে বলা হয়, নিরাপত্তার নামে যুক্তরাষ্ট্র বরাবরই ভণ্ডািম করে আসছে৷ দেশটি দ্বৈতনীতি অনুসরণ করছে৷
চীন বরাবরই দাবি করে আসছে, দেশটি হ্যাকিংয়ের শিকার৷ বেইজিং কখনোই শিকারি ছিল না, এখনো নয়৷ মার্চ ও মে মাসে চীনের ১০ লাখের বেশি কম্পিউটার সরাসরি যুক্তরাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ করা হয়৷ তবে গোপন নজরদারির কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র বলেছে, চীন বিদেশি কোম্পানির গোপন নথি চুরি করে নিজ দেশের কোম্পানির কাজে লাগায়৷ যুক্তরাষ্ট্র এমনটি করে না৷