চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় সম্মেলন (কংগ্রেস) গতকাল বেইজিংয়ে শুরু হয়েছে। বর্তমান ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংকে দলের সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত করার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটিয়ে সপ্তাহব্যাপী এই সম্মেলন শেষ হবে। দলের সাধারণ সম্পাদকের পদ গ্রহণ করা ছাড়াও শি জিনপিং আগামী বছরের মার্চে প্রেসিডেন্ট হিসেবে হু জিনতাওয়েরও স্থলাভিষিক্ত হবেন।চীনের অর্থনীতি, রাজনীতি ও পররাষ্ট্রনীতিকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বলে বিশ্লেষকেরা চিহ্নিত করেছেন। এই তিনটি বিষয়ে নতুন নেতৃত্বের সিদ্ধান্ত দেশটির ১৩০ কোটি মানুষের ভাগ্যসহ গোটা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করবে।বিশ্বের নতুন অর্থনৈতিক পরাশক্তি বলে পরিচিত চীনে প্রবৃদ্ধির হার সম্প্রতি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ফলে মধ্য আয়ের দেশে পরিণত দেশটির পক্ষে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা ফিকে হয়ে আসছে। দি ইকোনমিস্ট সাময়িকী জানায়, ২০০৫ সাল থেকে চীনে জিডিপি বাড়ার পাশাপাশি রপ্তানির পরিমাণ নিয়মিতভাবে কমেছে। এ অবস্থায় চীনা অর্থনীতিকে সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে উৎপাদনশীল রূপ দেওয়া জরুরি। কিন্তু রাজনৈতিকভাবে বিষয়টি অত্যন্ত কঠিন হবে। রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্বের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে গণ-অসন্তোষ। চীনে বর্তমানে প্রতিদিন গড়ে শতাধিক বিক্ষোভ হচ্ছে। সমুদ্রসীমা নিয়ে জাপানের সঙ্গে বিরোধ নিষ্পত্তি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে নতুন নেতৃত্বের জন্য পররাষ্ট্রনীতির বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ এড়ানোর বিষয়টি মোকাবিলায় কৌশলী হতে হবে। সিএনএন, ওয়াশিংটন পোস্ট। সিএনএন, বিবিসি, সিনহুয়া ও ওয়াশিংটন পোস্ট।