চীনের ভিন্ন মতাবলম্বী লেখকের মুক্তির আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বেইজিং আদালত দেশটির একজন ভিন্ন মতাবলম্বী লেখকের মুক্তির আবেদন নাকচ করে দিয়েছেন। চীন সরকারকে উত্খাত ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিম্ন আদালত তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেন। ওই লেখকের নাম লিউ জিয়াওবো (৫৪)। তিনি একজন লেখক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক। এএফপি।চীনের বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন ও সংস্কার দাবি করে লেখালেখির জন্য চীন সরকার তাঁকে ২০০৮ সাল থেকে বন্দী রেখেছে। এর মধ্যে তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে উচ্চ আদালত গতকাল বৃহস্পতিবার এ আপিল খারিজ করে দেন। উচ্চ আদালতের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। তারা শিগগিরই তাঁর মুক্তি দাবি করে বিবৃতিতে বলেছে, এ সিদ্ধান্ত একজন মানুষের মতপ্রকাশের বিরোধী ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর আগে ১৯৮৯ সালে তিয়ানআনমেন চত্বরে গণতন্ত্রের জন্য আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনি জেল খাটেন। গত মাসে চীনের চারজন সাবেক কমিউনিস্ট নেতা তাঁর মুক্তি দাবি করে সরকারের কাছে চিঠি লেখেন। চিঠিতে তাঁরা বলেন, যে আদর্শের জন্য তাঁদের দল এত দিন ধরে লড়াই করে আসছে, এ রায় তার বিরোধী।গতকাল মুক্তির আবেদন খারিজ করার সময় লিউ জিয়াওবোয়ের স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, এ রায়ে তিনি বিস্মিত হননি। তিনি আগে থেকেই আশঙ্কা করেছিলেন, রায় তাঁর স্বামীর বিপক্ষেই যাবে। তিনি বলেন, তাঁর স্বামী যা লিখেছেন, তা তিনি সমর্থন করেন।