চীনের মানবাধিকারকর্মী এখন নিরাপদ স্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবন্দী দশা থেকে পালিয়ে চীনের খ্যাতিমান মানবাধিকারকর্মী চেন গুয়াংচেং (৪০) এখন নিরাপদ স্থানে অবস্থান করছেন বলে গতকাল শুক্রবার তাঁর এক সমর্থক জানিয়েছেন। গত রোববার দৃষ্টিপ্রতিবন্ধী এই মানবাধিকারকর্মী তাঁর শানদং প্রদেশের দংশিগু শহরের বাড়ি থেকে নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে পালিয়ে যান। অজ্ঞাত স্থান থেকে তিনি চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের উদ্দেশে একটি ভিডিও-বার্তাও প্রকাশ করেন। মানবাধিকারকর্মী বব ফু যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে চেনের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক ই-মেইল বার্তায় গতকাল চেনের ঘনিষ্ঠ এই মানবাধিকারকর্মী জানান, চেন এখন বেইজিংয়ের শতভাগ নিরাপদ একটি অবস্থানে রয়েছেন। চীনা ভিন্নমতাবলম্বীদের যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট বোজুনে চেনের একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। এতে এই মানবাধিকারকর্মী প্রধানমন্ত্রী জিয়াবাওয়ের কাছে তিনটি দাবি জানিয়েছেন। এগুলো হচ্ছে তাঁর পরিবারের ওপর চীনা নিরাপত্তাকর্মীদের নির্যাতন বন্ধ করা, তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী চীনা দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করা। বিবিসি, এএফপি।