চীনের রাজনীতিতে সংস্কারের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজনীতিতে সংস্কারের সম্ভাবনা দেখা দিয়েছে। ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির (সিপিসি) সম্মেলন চলাকালে দেশটির শাসনব্যবস্থায় সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকেরা বলেছেন, সরকারি পর্যায়ে দুর্নীতির অভিযোগে সিপিসির প্রতি মানুষের এক ধরনের আস্থাহীনতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংস্কার অনিবার্য হয়ে পড়েছে। সিপিসির একাধিক নেতা নিজেদের ব্যক্তিগত আয় ও সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশের উদ্যোগ নিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশের শীর্ষ নেতা ওয়াং ইয়াং এবং সাংহাই অঞ্চলের নেতা ইউ জেংশেং গত শুক্রবার এ কথা জানিয়েছেন। বেইজিংয়ে সিপিসির সম্মেলনে ওয়াং বলেন, কেন্দ্রীয় সরকারের নীতিমালা অনুসরণ করেই চীনের নেতারা তাঁদের সম্পত্তির হিসাব দেবেন। সাংহাইয়ের নেতাদের সম্পত্তির হিসাব পর্যায়ক্রমে প্রকাশের পৃথক এক ঘোষণা দিয়েছেন ইউ জেংশেং। তবে সম্পত্তির হিসাব কীভাবে প্রকাশ করা হবে, সে ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয়নি। দেশটির সরকারি কর্মকর্তা ও নেতাদের সম্পত্তি ও বেতনের পরিমাণ জনসমক্ষে প্রকাশের ব্যাপারে কোনো আইনও নেই। ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জেংশেংয়ের বক্তব্যের সমালোচনা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র চায়না ইয়ুথ ডেইলি জানায়, সম্পত্তির হিসাব প্রকাশের জন্য সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন প্রতিকূলতার মুখে তা সম্ভব হয়নি। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণেই ওই উদ্যোগ ব্যাহত হয় বলে জানিয়েছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জিয়াং মিনগান। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের ব্যক্তিগত আয় ও সম্পত্তির হিসাব দিতে রাজি হননি।প্রবীণ সাংবাদিক ও ইতিহাসবিদ ইয়াং জিশেং বলেন, চীনের বিভিন্ন নেতার সম্পত্তির পরিমাণ দেখে তাঁদের ক্ষমতার তারতম্য সম্পর্কে ধারণা করা যায়। একটি প্রকৃত বাজার অর্থনীতি বাস্তবায়ন করতে হলে দেশটিতে রাজনৈতিক সংস্কারের বিকল্প নেই। সিপিসির কেন্দ্রীয় কমিটি, পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ও পলিটব্যুরো কমিটির প্রায় ৪০০ সদস্য, তাঁদের পরিবার ও বন্ধুবান্ধব বিভিন্ন উৎস থেকে আয়ের সঙ্গে যুক্ত। রাষ্ট্রীয় মালিকানাধীন এক লাখ ৪৫ হাজার শিল্পোদ্যোগের সঙ্গে ওই ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। ক্ষমতাসীন দলটির গুরুত্বপূর্ণ নেতাদের সন্তানেরা এসব শিল্পপ্রতিষ্ঠান থেকে সুবিধা নেন। সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বন্ধু ও আত্মীরাও এসব উদ্যোগে যুক্ত রয়েছেন। বেসরকারি উদ্যোক্তা সান দাউ বলেন, সংস্কার-উদ্যোগ বাস্তবায়িত হলে বৃহত্তর স্বার্থে ক্ষতি স্বীকার করে নিতে হবে জিনপিংয়ের ঘনিষ্ঠ ব্যক্তিদের। চীনের অর্থনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে দেশটিতে বেসরকারি ব্যাংকগুলোকে বিভিন্ন খাতে অর্থায়নের সুযোগ দেওয়া উচিত। দেশের বেশির ভাগ সম্পদ এখন সিপিসির নেতা ও সরকারি কর্মীদের কল্যাণে ব্যয় হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষক লি ওয়েইদং বলেন, অর্থনীতির স্থিতিশীলতা অটুট রেখেও চীনের রাজনীতিতে সংস্কার বাস্তবায়ন সম্ভব। এএফপি ও নিউইয়র্ক টাইমস।