চীনের শানজিতে বোমা হামলায় নিহত ১

চীনের উত্তরাঞ্চলে কমিউনিস্ট পার্টির এক প্রাদেশিক কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। বার্তাসংস্থা সিনহুয়া বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শানজি প্রদেশের তাইউয়ান শহরে বিস্ফোরণে ব্যবহূত বোমাগুলো সাদামাটা প্রযুক্তিতে তৈরি; কারণ ঘটনাস্থল থেকে প্রচুর ব্লেডের টুকরা ও লোহার ক্ষুদ্র বল উদ্ধার করা হয়েছে।
সিনহুয়া বলছে, স্থানীয় সময় সকাল সাতটা ৪০ মিনিটে বোমাগুলো বিস্ফোরিত হয়। তাতে আট ব্যক্তি আহত ও দুটি মোটরগাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠছে এবং দমকল বাহিনীর কয়েকটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।
হামলার কারণ বা এর সঙ্গে কারা জড়িত, তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।
চীনের স্থানীয় প্রশাসনের কাজে ক্ষুব্ধ হয়ে লোকজন সরকারি দপ্তরে হামলা চালিয়েছে, এমন নজির এর আগেও বহু আছে।
গত সপ্তাহে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে জড়ো হওয়া মানুষদের ওপরে গাড়ি চালিয়ে দুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় চীনারা বেশ বিক্ষুব্ধ অবস্থায় আছে। চীনের পুলিশ বলছে, সম্ভবত শিনজিয়ান প্রদেশের ‘সন্ত্রাসীরা’ ওই হামলা চালিয়েছিল।