চীনের শিনজিয়াংয়ে দাঙ্গায় ২৭ জন নিহত

চীনের পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ শিনজিয়াংয়ে এক দাঙ্গায় ২৭ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। গত বুধবার ভোরে তুরবান প্রিফেকচারে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে বলা হয়, উত্তেজিত জনতা ছুরি নিয়ে থানা ও একটি সরকরি অফিস আক্রমণ করলে পুলিশ গুলি চালায়। শিনজিয়াং প্রদেশে মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে সহিংসতা ঘটে থাকে। সেখানে ইসলাম ধর্মাবলম্বী উইঘুর ও হান চীনাদের মধ্যে উত্তেজনা চলে আসছে। ওই অঞ্চলে সংখ্যায় তারা প্রায় সমান।
সরকারি তরফ থেকে তথ্যের ওপর কড়াকাড়ি নিয়ন্ত্রণের জন্য ওই অঞ্চলের খবরের সত্যতা যাচাই করা কঠিন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দাঙ্গাকারীরা কয়েকজনকে ছুরি মারে এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়জনসহ ১৭ জন নিহত হলে পুলিশ গুলি চালায়। এতে ১০ জন দাঙ্গাকারী প্রাণ হারায়। দাঙ্গায় জড়িত ব্যক্তিরা কোন জাতিগোষ্ঠীর মানুষ বা দাঙ্গা কেন বাধল, তা জানায়নি সিনহুয়া।
২০০৯ সালে ওই এলাকায় হান চীনা ও উইঘুরদের মধ্যে দাঙ্গা হলে প্রায় ২০০ লোক নিহত হয়। নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিল হান।
গত এপ্রিলে আরেক ঘটনায় ২১ জন নিহত হয়। সরকার বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্রের সন্ধানে অভিযান চালানোর সময় একটি বাড়িতে সন্ত্রাসীদের পাওয়া গেলে সহিংসতা শুরু হয়। তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন, স্থানীয় একটি পরিবারের সঙ্গে সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিনের উত্তেজনার জেরেই তা ঘটে। ওই কর্মকর্তারা এলাকার পুরুষদের দাড়ি কেটে ফেলা ও নারীদের বোরকা না পরার জন্য চাপ দিয়ে আসছিলেন। বিবিসি।