চীনের শিনজিয়াংয়ে মুসলিমদের রোজা পালনে নিষেধাজ্ঞা!
চীনের উত্তরাঞ্চলীয় শিনজিয়াংয়ে ইসলাম ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শিক্ষকদের রোজা পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে ওই নিষেধাজ্ঞা-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। শিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের বসবাস। পবিত্র রমজান নিয়ে সরকারি ওই বিধিনিষেধ আরোপের নিন্দা জানিয়েছে নির্বাসিত ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। খবর এএফপির।
চীনের কমিউনিস্ট সরকার কোনো ধর্মবিশ্বাসকেই সরকারিভাবে স্বীকৃতি দেয় না। শিনজিয়াং অঞ্চলে কয়েক বছর ধরে মুসলমানদের রোজা রাখার নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
শিনজিয়াংয়ের তুরফান শহরের বাণিজ্য দপ্তরের ওয়েবসাইটে গত সোমবার দেওয়া নির্দেশে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা রোজা রাখা এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড পালন করতে পারবেন না।
রাষ্ট্রপরিচালিত বোঝাউ রেডিও এবং টিভি ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়, ‘আমরা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, তাঁদের রোজা পালনের অনুমতি দেওয়া হয়নি।’
নির্বাসিত ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের মুখপাত্র ডিলসাত রক্ষিত বলেন, ‘চীন এ ধরনের দমনমূলক নীতি অব্যাহত রাখলে সংঘাত আরও বাড়বে। আমরা উইঘুরদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে ও রমজানে রাজনৈতিক দমন-নিপীড়ন বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানাচ্ছি।’