চীনের সঙ্গে লাভজনক সম্পর্কে আগ্রহ জাপানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সঙ্গে ‘পারস্পরিক লাভজনক’ সম্পর্ক প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেছে জাপান। শি জিনপিংকে প্রধান করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিবর্তনের কথা ঘোষণার পরও বেইজিংয়ের সঙ্গে সমুদ্রবিরোধ চলার মধ্যেই গতকাল বৃহস্পতিবার টোকিও এই আশা প্রকাশ করল।জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি নাওকো সাইকি বলেন, ‘জাপান, চীন এমনকি গোটা বিশ্বের জন্য যেসব বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ, এ দুই দেশের সম্পর্ক তার একটি। আমরা সত্যি আশা করি, অভিন্ন কৌশলগত স্বার্থের ওপর ভিত্তি করে উভয় দেশের পারস্পরিক লাভজনক সম্পর্ক নতুন নেতৃত্বের অধীন আরও দৃঢ় ও সম্প্রসারিত হবে।’বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের আগামী দশকগুলোর নেতৃত্ব নতুনদের হাতে তুলে দেওয়ার ওই আনুষ্ঠানিকভাবে ঘোষণার কয়েক ঘণ্টা পর নাওকো সাইকি এ মন্তব্য করেন।এদিকে চীনকে একমাত্র গুরুত্বপূর্ণ মিত্রদেশ বলে বিবেচনাকারী উত্তর কোরিয়াও ওই ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-উন চীনা কমিউনিস্ট পার্টির নয়া প্রধান শি জিনপিংকে ‘উষ্ণ অভিনন্দন’ জানান। দক্ষিণ কোরিয়াও নতুন নেতৃত্বের অধীন চীনের সঙ্গে তাদের সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে। এএফপি।