তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা স্বীকার করেছেন, তিব্বতের সায়ত্তশাসনের বিষয়ে চীন সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছার সম্ভাবনা খুব ক্ষীণ। গতকাল বুধবার ভারতের ধরমশালায় তিব্বত থেকে নির্বাসনের ৫১তম বার্ষিকীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এএফপি, টাইমস অব ইন্ডিয়া। দালাই লামা বলেন, ‘আমি তিব্বতের জনগণের আকাঙ্ক্ষার কথা স্পষ্ট করে উল্লেখ করেছি। আমরা চীনের কাছ থেকে তিব্বতের সায়ত্তশাসন চাই। আমরা চাই তিব্বতে স্থানীয় জনগণকে স্বাধীনভাবে তাঁদের ভাষা, ধর্ম ও সংস্কৃতিচর্চার সুযোগ দেওয়া হোক।’ সায়ত্তশাসনের বিষয়টিকে বেইজিং পূর্ণ স্বাধীনতার দাবি বলে সন্দেহ করছে বলে অভিযোগ করেন তিনি। ৭৪ বছর বয়সী এ আধ্যাত্মিক নেতা আরও বলেন, ‘চীনের বর্তমান নেতৃত্বের মনোভাবে মনে হচ্ছে, খুব শিগগির কোনো কিছু অর্জনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তার পরও পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষেই আছি।’ দালাই লামা বিশ্বের বিভিন্ন দেশে নির্বাসিত তিব্বতিদের অবস্থা দেখতে তিব্বতে নিযুক্ত চীন সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এতে করে তাঁরা তিব্বতের আকাঙ্ক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। দালাই লামা অভিযোগ করেন, তিব্বতে বৌদ্ধ ভিক্ষুরা ‘কারাগারে’ বাস করছেন। সেখানে তাঁদের শান্তির জন্য শিক্ষা বা অনুশীলনের সুযোগও দেওয়া হচ্ছে না।দালাই লামার প্রতিনিধিরা ২০০২ সাল থেকে বিভিন্ন সময় আলোচনা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গত জানুয়ারিতেও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু বাস্তব অর্থে এসব আলোচনা থেকে কোনো কিছুই অর্জিত হয়নি। তিব্বতে যেকোনো অস্থিরতার জন্য চীন সব সময়ই দালাই লামাকে দায়ী করে আসছে। গত মঙ্গলবারও দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতারা অভিযোগ করেন, দালাই লামা তিব্বতে ‘বিশৃঙ্খলা সৃষ্টির’ চেষ্টা করছেন। ধরমশালায় একটি বৌদ্ধমন্দিরের চত্বরে দালাই লামার ওই বক্তব্য শুনতে কয়েক হাজার নির্বাসিত তিব্বতি জড়ো হন। সেখানে তিব্বতের প্রবাসী সরকারের অনেক শীর্ষস্থানীয় নেতাও বক্তব্য দেন।