চীনের সঙ্গে সমুদ্রবিরোধ মেটানোর অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সমুদ্রবিরোধের নিষ্পত্তিতে প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতারা। অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) নেতারা দুই দিন স্থায়ী বার্ষিক শীর্ষ সম্মেলনের শেষ দিন গতকাল বুধবার তাঁরা এ অঙ্গীকার করেন। সম্মেলনে মিয়ানমার ও উত্তর কোরিয়া বিষয়ও গুরুত্ব পায়।শীর্ষ সম্মেলনে ১০টি দেশের জোট আসিয়ানের নেতারা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সমুদ্রসীমায় শান্তি ও বোঝাপড়া ত্বরান্বিত করার অঙ্গীকার করার পাশাপাশি দীর্ঘ ১০ বছরের পুরোনো ডিক্লারেশন অন দ্য কন্ডাক্ট অব দ্য পার্টিসের (ডিওসি) প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।বিশ্লেষকেরা বলেন, ইন্দোনেশিয়ায় গত বছর অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে জারি করা বিবৃতিতেও ঠিক একই ধরনের ভাষা ব্যবহার করা হয়। চীনের সঙ্গে বিরোধকে ঘিরে জোটের মধ্যে অচলাবস্থা চলতে থাকার বিষয়টি ওই বিবৃতিতেও প্রতিফলিত হয়।থাইল্যান্ডের সাবেক কূটনীতিক প্যাভিন চাচাভ্যালপংপুন বলেন, ‘এটি একটি দুর্বল বিবৃতি। কিন্তু এতে যে বিষয়টি বোঝা যায়, তা হলো, দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান নেতারা একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।’চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীন ও আসিয়ানের কয়েকটি দেশ পরস্পরবিরোধী দাবি জানিয়ে আসছে। দ্বীপগুলো হাইড্রোকার্বনসমৃদ্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জাহাজ পরিবহনপথে অবস্থিত বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই জলপথ উন্মুক্ত রাখার সঙ্গে ‘জাতীয় স্বার্থ’ জড়িত রয়েছে। যুক্তরাষ্ট্র এশিয়ায় তার পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সমপ্রতি ফিলিপাইনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। ফিলিপাইন ওই দ্বীপগুলোর অন্যতম মালিকানা দাবিদার। এ ছাড়া চীনের সঙ্গে সমুদ্রবিরোধে জড়িত আসিয়ানভুক্ত দেশের মধ্যে ব্রুনেই, মালয়েশিয়া ও ভিয়েতনাম রয়েছে। এএফপি।