চীনের সামরিক বাহিনীর কাঠামোর শ্বেতপত্র প্রকাশ
চীন তার ‘সামরিক বাহিনীর কাঠামো প্রকাশ’ করেছে। গতকাল দেশটির প্রতিরক্ষা শ্বেতপত্রে এই কাঠামো প্রকাশ করা হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সামরিক বাহিনীর এ ধরনের তথ্য এই প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।শ্বেতপত্রে বলা হয়, সামরিক বাহিনীতে সাড়ে আট লাখ সেনা কর্মকর্তা আছেন। এ ছাড়া নৌবাহিনীতে দুই লাখ ৩৫ হাজার ও বিমানবাহিনীতে তিন লাখ ৯৮ হাজার সেনা রয়েছে। শ্বেতপত্রে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, এর ফলে এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে চীন ‘বহুমুখী ও জটিল ধরনের নিরাপত্তা হুমকির’ মুখে পড়েছে এবং চীনের ‘জাতীয় ঐক্য, অখণ্ডতা ও উন্নয়নের ধারা রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।’২০১২ সালে চীনের সামরিক খাতে বাজেট বেড়েছে ১১ দশমিক দুই শতাংশ। এর ফলে এই খাতে দেশটির বরাদ্দ ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।শ্বেতপত্রে জানানো হয়, চীনের সামরিক বাহিনী সাতটি সামরিক অঞ্চলে সাতটি কমান্ডে বিভক্ত। কমান্ডগুলো হলো: বেইজিং, নানজিয়াং, চেংডু, গুয়াংজু, সেনিয়াং, লানজু ও জিনান। এই সাতটি কমান্ডে ১৮টি সমন্বিত ডিভিশন রয়েছে। সাতটি কমান্ডের প্রতিটিতে একটি করে বিমানবাহিনীর কমান্ডও রয়েছে। এ ছাড়া নৌবাহিনীর রয়েছে তিনটি শক্তিশালী ফ্লিট (নৌবহর)। ফ্লিটগুলো হলো বেইহাই ফ্লিট, ডংহাই ফ্লিট ও নানহাই ফ্লিট। শ্বেতপত্রে আরও জানানো হয়, চীনের দ্বিতীয় আর্টিলারি ফোর্সের অধীনে থাকে পারমাণবিক ও গতানুগতিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনী। চীনের ‘কৌশলগত প্রতিরক্ষায়’ এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাহিনীর প্রথম কাজ হলো চীনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রতিরোধ করা এবং শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানো।শ্বেতপত্রে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা কৌশল সমন্বয় করছে।’ এরপর যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলা হয়, কিছু দেশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক জোট শক্তিশালী করছে...এটা পর্যায়ক্রমে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে।’সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এশিয়ায় সামরিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘এশিয়ার প্রতি গুরুত্ব’ দেওয়ার নীতির অংশ হিসেবে ওয়াশিংটন এই কাজ করছে। ওবামার এই নীতি চীনের জন্য অস্বস্তি সৃষ্টি করেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। বিবিসি।