চীন-অস্ট্রেলিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ও চীন গতকাল সোমবার মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। ১০ বছরের প্রচেষ্টার পর দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হলো। খবর রয়টার্সের।
অস্ট্রেলিয়া এই চুক্তিকে একটি পশ্চিমা দেশের সঙ্গে চীনের সবচেয়ে বড় চুক্তি বলে আখ্যায়িত করেছে। চুক্তির ফলে অস্ট্রেলিয়ার কৃষিপণ্য ও পরিসেবা খাতের জন্য চীনের বাজার উন্মুক্ত হলো। পাশাপাশি প্রাকৃতিক সম্পদে ভরপুর অস্ট্রেলিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বিনিয়োগের বাধাও দূর হবে।
অস্ট্রেলিয়ার ক্যানবেরার পার্লামেন্টে চুক্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সেখানে ভাষণে টনি বলেন, ‘চুক্তি করতে ১০ বছর লাগল। তবে শেষ পর্যন্ত এটি আমরা করলাম।’
পার্লামেন্টে দেওয়া এক ভাষণে শি জিনপিং অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার প্রতিশ্রুতি দেন। প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সীমানা বিরোধ নিরসনের চেষ্টারও প্রতিশ্রুতিও দেন তিনি। শি বলেন, ‘আমাদের মনে যদি দীর্ঘমেয়াদি এবং বৃহত্তর পরিকল্পনা থাকে তবে সব বাধা অতিক্রম করতে পারব।’
প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কয়লার পরিবেশসম্মত ব্যবহার করে জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখতেও দুই দেশ একমত হয়।
চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী দেশ অস্ট্রেলিয়া। গত বছর দুই দেশের মধ্যে ১৩০ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হয়। গতকালই দুই দেশের বিভিন্ন কোম্পানির মধ্যে প্রায় ১০ বিলিয়ন ডলার মূল্যের অন্তত ১৫টি বাণিজ্যিক চুক্তি হয়েছে।
কয়লা বা লোহার মতো খনিজ রপ্তানিকারক দেশ থেকে কৃষিজাত ও খাদ্যসামগ্রীর রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত হতে চাইছে অস্ট্রেলিয়া। এ জন্য এশিয়ার ক্রমবর্ধমান মধ্যবিত্তের বাজারটি দখল করতে চায় দেশটি।
চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে অস্ট্রেলিয়ার রপ্তানি পণ্যের ৯৫ শতাংশ চীনের বাজারে শুল্ক ছাড়াই ঢুকবে।