চীন-ভারত একসঙ্গে কাজ করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ–এএফপি
নয়াদিল্লিতে গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ–এএফপি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল রোববার দিল্লি সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন৷ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার আসার পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক৷ বৈঠকে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়৷ খবর পিটিআই ও এএফপির৷
চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে দুই দিনের সফরে গত শনিবার দিবাগত ভোররাতে নয়াদিল্লি পেঁৗছান চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই৷ ভারতের নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপনের কাজটি শুরু করতেই তাঁর এই সফর৷
আজ সোমবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা মন্ত্রী৷ এ ছাড়া সফরকালে তিনি ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন৷
ইয়াং ই দ্য হিন্দু পত্রিকাকে বলেছেন, ‘কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারি ভবিষ্যতে আরও জোরদার করার লক্ষ্যে ভারতীয় বন্ধুদের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত৷’
গত মাসে ভারতের ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং প্রধানমন্ত্রী মোদি কট্টর জাতীয়তাবাদী হিসেবে পরিচিত৷ এর পরও প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছে৷
অন্যদিকে পূর্ব চীন সাগর নিয়ে জাপান, দক্ষিণ চীন সাগর নিয়ে ভিয়েতনাম, ফিলিপাইন ও প্রতিবেশী আরও কয়েকটি দেশ এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে চীন৷
চীনা প্রধানমন্ত্রী জিংপিংকে ভারতে সফরের আমন্ত্রণ জানিয়েছে নতুন সরকার৷ এ বিষয়ে চীনা মন্ত্রী জানান, চলতি বছরের শেষ নাগাদ তাঁদের প্রধানমন্ত্রী ভারত সফরের ব্যাপারে সম্মতি দিয়েছেন৷
তিব্বতিদের বিক্ষোভ: চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যে গতকাল নয়াদিল্লিতে বিক্ষোভ করে সে দেশে বসবাসকারী তিব্বিতরা৷ নয়াদিল্লির মঞ্জু কা টিলা এলাকায় ওই বিক্ষোভ থেকে চীনা মন্ত্রীর সঙ্গে তিব্বতের বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানানো হয়৷