ব্রাজিলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়েছে। বৈঠককালে মোদি সীমানা বিরোধ মিটমাটের পাশাপাশি ভারতের অবকাঠামো খাতে আরও বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানান। অন্যদিকে, জিনপিং আগামী নভেম্বরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সংস্থার সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানান। খবর আইএনএসের।
মোদি-জিনপিং বৈঠক নিয়ে ভারতের এক বিবৃতিতে বলা হয়, ভারত ও চীন উভয় পক্ষই সীমানা বিরোধের একটি সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেছেন। বৈঠকে মোদি পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধির ব্যাপারে জোর দেন। তিনি সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার কথা বলেন।’
বিবৃতিতে বলা হয়, বৈঠককালে মোদি জিনপিংককে বলেন, ‘ভারত ও চীন যদি সীমানা-সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারে, তবে তা সংঘাতের শান্তিপূর্ণ সমাধান প্রশ্নে বিশ্বের কাছেই একটা উদাহরণ হবে।’
প্রধানমন্ত্রী মোদি ষষ্ঠ ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে ব্রাজিলে আছেন। ব্রিকস হচ্ছে, বিশ্বের ক্রমবিকাশমান ছয় অর্থনীতি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি গ্রুপ।
বিবৃতিতে আরও বলা হয়, মোদিকে অ্যাপেক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘ভারতের সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) অংশগ্রহণ বাড়ানো উচিত।’ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরে জিনপিং বলেন, ‘যখন চীন ও ভারত বৈঠকে বসে, তখন পুরো বিশ্ব তাকিয়ে থাকে।’