আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের আলোচিত পারমাণবিক কর্মসূচি হ্রাসসংক্রান্ত চুক্তি ২০ জানুয়ারি কার্যকর হবে। এর পরই আগামী মাসের শুরুতে জব্দ থাকা বিপুল অর্থের প্রথম কিস্তি ছাড় করাতে পারবে তেহরান। গত রোববার তেহরান ও ওয়াশিংটন এ তথ্য নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ খবরকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, একটি সমন্বিত চুক্তিতে পৌঁছাতে এখনো বন্ধুর পথ পাড়ি দিতে হবে। তিনি আরও বলেন, ‘এই লক্ষ্য অর্জন কতটা দুরূহ হবে, এ বিষয়ে আমার কোনো মোহ নেই। তবে আমার দেশসহ গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে সফলতার জন্য এখন কূটনৈতিকদের সুযোগ দেওয়ার সময়।’
ওবামা বলেন, সমঝোতার পরের ধাপ চলাকালে ইরানের ওপর মার্কিন কংগ্রেস নতুন করে অবরোধ আরোপের চেষ্টা করলে ভেটো দেবেন তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও চুক্তি কার্যকরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পারমাণবিক বিষয়ে আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারী আব্বাস আরাকচির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, ওই চুক্তি বাস্তবায়নের উপায় নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে ২০ জানুয়ারি তা কার্যকর হবে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ২০ জানুয়ারি থেকে ইরান প্রথমবারের মতো সমৃদ্ধ করা ইউরেনিয়ামের কিছু অংশ নষ্ট এবং কিছু অবকাঠামো ধ্বংস করতে যাচ্ছে। এর বিনিময়ে মোট ৪২০ কোটি ডলার জব্দ থাকা অর্থ ফেরত পাচ্ছে তেহরান।
নাম প্রকাশ না করার শর্তে ওবামা সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে কিস্তিতে ওই অর্থ ছাড় করা হবে। ১৮০ দিনের মধ্যে তা সম্পন্ন করা হবে। তবে ১ ফেব্রুয়ারি শনিবার হওয়ায় প্রথম কিস্তি সম্ভবত পরের সোমবার দেওয়া হবে। পর্যায়ক্রমে ছয় মাসের মধ্যে সব অর্থ ছাড় করা হবে।
একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, তেহরান শর্ত পূরণে ব্যর্থ হলে অর্থ ছাড় বন্ধ করে দেওয়া হবে।
পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান বেসামরিক কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে দেশটি।
ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সীমিত করা এবং জব্দ সম্পদের মধ্যে কয়েক শ কোটি ডলার ছাড়ের বিনিময়ে তেহরান গত নভেম্বরে পারমাণবিক কর্মসূচি কাটছাঁট করতে সমঞ্চত হয়। এএফপি।