চুক্তি নিয়ে রাজনীতি না করার আহ্বান সালমান খুরশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল শনিবার বলেছেন, ইতালি থেকে হেলিকপ্টার ক্রয়সংক্রান্ত বিতর্কিত চুক্তি সইয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার সব কার্যপ্রণালি ‘কঠোরভাবে অনুসরণ’ করেছে। তাই এ বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক হবে না।বাংলাদেশে দুই দিনের সফরের শুরুতে গতকাল সালমান খুরশিদ তাঁর সফরসঙ্গী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টির রাজনীতিকরণ করা উচিত হবে বলে আমি মনে করি না। এটি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়। চুক্তির ক্ষেত্রে সব প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।’অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) পরিবহন করার কাজে ইতালির মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ফিনমেককানিকার অগস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে ১২টি হেলিকপ্টার ক্রয়ে ওই চুক্তি করা হয়। চুক্তি সম্পাদনে ঘুষ-দুর্নীতির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এখন হেলিকপ্টারগুলোর সরবরাহ বাতিল করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালমান খুরশিদ বলেন, ‘সরকার প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে এ বিষয়ে কিছু প্রক্রিয়া অনুসরণের প্রয়োজন রয়েছে।’হেলিকপ্টার ক্রয় কেলেঙ্কারিতে রাষ্ট্রপতি ও গভর্নরের মতো ব্যক্তিদের নাম উঠে আসা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে সালমান খুরশিদ বলেন, ‘বিষয়টিতে তাঁদের জড়ানো আদৌ উচিত হবে না।’ তিনি বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতি মূল বিষয় থেকে দৃষ্টি অন্যদিকে না সরানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রকৃত বিষয়ের গভীরে দৃষ্টি দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ভারতীয় বিমানবাহিনীর এলিট স্কোয়াড্রনের জন্য ১২টি এডব্লিউ-১০১ হেলিকপ্টার কিনতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে দেশটির কেন্দ্রীয় সরকার ইতালির ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। এই স্কোয়াড্রন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবহন করার দায়িত্বে নিয়োজিত। প্রতিবেদন অনুযায়ী, ১২টি হেলিকপ্টারের তিনটি এরই মধ্যে ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো ২০১৪ সালের মাঝামাঝি ভারতে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। দ্য হিন্দু।