চুক্তির জন্য যুক্তরাষ্ট্র ভয় দেখাতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিদ কারজাই
হামিদ কারজাই

২০১৪ সালের পরও সেনা রাখতে নিরাপত্তা চুক্তি সই করার জন্য যুক্তরাষ্ট্র ‘আক্রমণাত্মক’ হতে পারে না বা ‘ভয়ভীতি’ দেখাতে পারে না। ভারতের টিভি চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিন দিনের সফরে গতকাল শুক্রবার তিনি ভারতে পৌঁছেছেন।
সফরের শুরুতে কারজাই রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র আশা করছে, এ সফরকালে কারজাইকে ওই নিরাপত্তা চুক্তিতে রাজি করাতে পারবে ভারত। আফগানিস্তান চুক্তিটির জন্য আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইলেও যুক্তরাষ্ট্র এখনই তা করতে চায়। মেয়াদ শেষের পর কোন শর্তের ভিত্তিতে আফগানিস্তানে মার্কিন সেনা থাকবে, তা নির্ধারিত হবে ওই চুক্তিতে।
ভারতে পড়াশোনা করা কারজাইয়ের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতের মূল আগ্রহ হচ্ছে, ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী বিদায় নেওয়ার পর কট্টরপন্থী তালেবান যাতে ক্ষমতায় না ফিরতে পারে, তা নিশ্চিত করা।

এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কারজাই বলেন, তিনি ‘ভীতসন্ত্রস্ত’ হয়ে ওই চুক্তিতে সই করবেন না। কারজাই বলেন, ‘আক্রমণাত্মক ভাষায় কাজ হবে না... আমরা এমন জাতি নই, যারা ভয়ভীতিতে জড়সড় হয়ে যায়। আমরা তখনই এটা সই করব, যখন নিশ্চিত হব যে আমাদের সই শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে।’

আগামী বছর আফগান প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ক্ষমতা ছাড়বেন কারজাই। প্রথমে তিনি দ্বিপক্ষীয় নিরাপত্তা সমঝোতা নামের ওই চুক্তি অনুমোদন করতে রাজিও হয়েছিলেন। তবে পরে তিনি ঘোষণা দেন, আগামী বছরের এপ্রিল মাসে প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত চুক্তিতে সই করা হবে না। তাঁর ওই অবস্থান বদলে ক্ষুব্ধ হন মার্কিন কর্মকর্তা ও আইনপ্রণেতারা। চলতি বছরের মধ্যে চুক্তিতে সই না করলে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলে হুমকি দিয়ে আসছেন তাঁরা।

আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়নে দুই বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ভারত। এই সফরের আগে কাবুলে কারজাইয়ের একজন দূত জানিয়েছিলেন, এই সফরের মূল লক্ষ্য হবে অধিকতর সামরিক সহায়তার জন্য ভারতকে অনুরোধ করা। গত মে মাসে সর্বশেষ ভারত সফরে কারজাই জানিয়েছিলেন, তিনি নয়াদিল্লিকে সামরিক সহায়তা-সংক্রান্ত একটি ‘কাঙ্ক্ষিত বস্তুর তালিকা’ দিয়েছেন। তাঁর বিশ্বাস, নয়াদিল্লি এগুলো দিতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তালিকা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায়। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, ওই তালিকায় হালকায় ও ভারী কামান, বিমান, ক্ষুদ্র অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এএফপি।