চুমুর চমকে চমকালেন রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গালে ও কপালে চুমু। লজ্জায় অনেকটা লালই হয়ে গেলেন রাহুল গান্ধী। কেননা মোটেও এটা প্রত্যাশিত ছিল না তাঁর কাছে। আজ বৃহস্পতিবার এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

গত বুধবার আসামের জোড়হাত শহরের প্রায় ৬০০ নারীর একটি স্বনির্ভর গ্রুপের সঙ্গে আলোচনা করছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। এ সময় কয়েকজন নারী তাঁর সঙ্গে করমর্দন করেন। এরই মধ্যে একজন তাঁর গালে চুমু দেন।

রাহুল সেখানে উপস্থিত নারীদের বলেন, ‘নারীরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সবই হতে পারেন, কেননা তাঁদের সেই যোগ্যতা রয়েছে। নারীদের রয়েছে অনেক আত্মবিশ্বাস, ক্ষমতা, ধৈর্য ও মেধা।’

এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, রাজ্যসভায় নারীদের জন্য ৫০ শতাংশ ও পার্লামেন্টে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা উচিত। তিনি আরও বলেন, উত্তর-পূর্ব অঞ্চলের নারীরা অন্যদের চেয়ে বেশি মেধাবী ও সাহসী।

ওই আলোচনায় কংগ্রেসের সহ-সভাপতি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নতুন স্কিম ও সেন্টার চালুর আশ্বাস দেন।