চুরি যাওয়া শিল্পকর্ম উদ্ধারে তৎপর তুরস্ক
তুরস্কে একসময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমৃদ্ধ ভান্ডার ছিল। কিন্তু বছরের পর বছর ধরে সেগুলো চুরি কিংবা লুট করা হয়েছে। এসব ঐতিহ্যবাহী ও দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারে তৎপর হয়েছে তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা জাদুঘর কর্তৃপক্ষ তুরস্কের এই প্রচেষ্টাকে ‘সাংস্কৃতিক ব্ল্যাকমেইল’-এর চেষ্টা বলে আখ্যায়িত করেছে। তুরস্কের কর্তৃপক্ষ সম্প্রতি সে দেশের আদালতে একটি মামলা ঠুকে দেয়। মামলার আরজিতে বলা হয়, স্ফিংকসসহ ১৮টি দুর্লভ শিল্পকর্ম এখন নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট (মেট)-এর সংগ্রহে আছে। ওই শিল্পকর্মগুলোর প্রকৃত মালিক তুরস্ক। বিভিন্ন সময়ে এগুলো লুট করা হয়। এ বিষয়ে তদন্ত করা হোক।তুরস্কের এই দাবি নতুন কিছু নয়। গত বছর মেট জাদুঘরে প্রদর্শিত একটি ঐতিহাসিক পাত্র ফেরত চেয়েছিল তুরস্কের কর্তৃপক্ষ। পাত্রটি ফেরত না দিলে, অন্যান্য শিল্পকর্ম ধার দেবে না বলেও হুমকি দেওয়া হয়। তুরস্কের দাবি, ওই হুমকি এখন কাজে দিচ্ছে। দেশটির কালচারাল হেরিটেজ অ্যান্ড মিউজিয়ামসের মহাপরিচালক মুরাত সুসলু বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত, মেট জাদুঘরে রাখা বেশ কয়েকটি শিল্পকর্ম তুরস্কের আনাতোলিয়া এলাকার। শিল্পকর্মগুলোর মালিক আমরা, অতএব এগুলো ফেরত দিতে হবে।’শত শত বছরে তুরস্কের অসংখ্য প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খোয়া গেছে। মেট, গেট্টি, দ্য ল্যুভ, পেরগামনসহ পৃথিবীর বিখ্যাত সব জাদুঘর সেগুলো সংগ্রহ করেছে। তুরস্কের সংস্কৃতিমন্ত্রী এরতুগরাল গানে বলেছেন, চৌর্যবৃত্তি কিংবা লুট কোনো মহৎ কর্ম নয়। তা অনৈতিক ও বেআইনি। তাই কোনো জিনিস কখন চুরি কিংবা লুট করা হয়েছে, তা বড় কথা নয়। এগুলো ঐতিহাসিক স্মৃতিবিজড়িত। তাই স্বদেশে ফেরত আনা চাই। দ্য নিউইয়র্ক টাইমস অনলাইন।