চুরির দায়ে পোপের সাবেক খানসামার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ষোড়শ বেনেডিক্টের সাবেক খানসামা পাওলো গ্যাব্রিয়েলকে তথ্য চুরির দায়ে গতকাল শনিবার ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্যাটিকানের একটি আদালত। খানসামার দায়িত্বে থাকাকালে গ্যাব্রিয়েল পোপের অতি গোপনীয় বেশ কিছু নথিপত্র চুরি করে সেগুলো ইতালির একজন সাংবাদিকের হাতে তুলে দেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। বাদী পক্ষের কৌঁসুলি গ্যাব্রিয়েলের তিন বছরের কারাদণ্ডাদেশ চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত ‘মীমাংসিত পরিস্থিতি’র কারণে তাঁর সাজা কমিয়ে দেন।গ্যাব্রিয়েল চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তবে কিছু নথিপত্র ফটোকপি করে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। পাওলো গ্যাব্রিয়েলকে গত মে মাসে গোপন তথ্য চুরি ও পাচারের অভিযোগে আটক করা হয়। পুলিশ তাঁর বাড়ি থেকে প্রায় হাজার খানেক গোপন নথি সংগ্রহ করে। এর মধ্যে কিছু পোপের নিজের হাতে লেখা। ধারণা করা হয়, গ্যাব্রিয়েল তথ্য ব্যবহার করে ভ্যাটিকানের দুর্নীতি প্রকাশ করতে চেয়েছিলেন। গ্যাব্রিয়েলের দাবি, ভ্যাটিকানের দুর্নীতিতে পোপকে ব্যবহার করা হয়েছে। তিনি পোপের কাছে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। উল্লেখ্য, পাওলো গ্যাব্রিয়েলের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে ইতালির এক সাংবাদিক ২০১০ সালে বই প্রকাশ করেন। সর্বাধিক বিক্রীত (বেস্টসেলার) এই বইটিতে ভ্যাটিকানের দুর্নীতি, কেলেঙ্কারি ও অন্তঃকলহের চিত্র তুলে ধরা হয়। বিবিসি ও এএফপি।