চুল নিয়ে বিপত্তি
মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুল পাঁচ বছর বয়সী শিশু রিয়ান কার্টারের। জন্মাবধি না-কাটা সেই চুল ছড়িয়ে পড়েছে পিঠজুড়ে। সুন্দর চুলের জন্য মায়ের কাছে আরেকটু আদুরে সে। কিন্তু এই চুলই বিড়ম্বনার হয়ে দাঁড়িয়েছে রিয়ানের জন্য। স্কুলে গেলে বন্ধুরা ‘মেয়ে’ বলে খেপায় তাকে। এ থেকে রক্ষা পেতে চুল কেটে ফেলা হয়েছে। দ্য সান পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়। খবরে বলা হয়, যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডের হিলটন ক্যাসল এলাকার বাসিন্দা রিয়ান। তার মা লি অ্যান স্মিথ (৩০) বলেন, জন্মের সময় সুন্দর একগাছি কোঁকড়ানো চুল ছিল ছেলের। তার এত ভালো লাগল যে ছেলের চুল রেখে দিলেন। তা রিয়ানের পিঠে ছড়িয়ে আরও সুন্দর হয়ে উঠেছিল।লি অ্যান আরও জানান, বড় চুলের জন্য বাইরে গেলে অনেকেই রিয়ানকে মেয়ে বলে ভুল করতো। এতে অবশ্য রিয়ান কখনো মুখ কালো করেনি। কিন্তু স্কুলে ভর্তি হওয়ার পর বন্ধুরা তাকে মেয়ে বলে খেপাতে শুরু করায় এটি তার জন্য বিড়ম্বনার হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ‘আমি কখনো ছেলের চুল কাটব ভাবিনি। কিন্তু মেয়েদের মতো চুল বলে ছেলেরা ওকে খেলায় নিতে চায় না। এ জন্য এখন কেটে ফেলা হয়েছে। এই চুল কাটার সময় আমি কেঁদেছি।’ছেলের কাটা চুল বিক্রি করবেন বলে ঠিক করেছেন লি অ্যান। এতে যে অর্থ আসবে, তা ব্যয় করবেন দাতব্য খাতে। অরেঞ্জ অনলাইন।