এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের তালিকায় থাকছে ২৫৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, যা নতুন রেকর্ড। এর মধ্যে ব্যক্তি ২০৯ জন এবং প্রতিষ্ঠান ৫০টি। আগামী অক্টোবরে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হতে পারে। নোবেল ইনস্টিটিউট গতকাল সোমবার এসব কথা জানিয়েছে।এবারের তালিকায় থাকা যাঁদের নাম এ পর্যন্ত জানা গেছে, তার মধ্যে রয়েছে পাকিস্তানে তালেবানের গুলিতে আহত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মনোনয়নের আগের রেকর্ডটি ছিল ২০১১ সালের। সে বছর মোট ২৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।মালালা ও ক্লিনটনের পাশাপাশি রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং মিয়ানমারের সংস্কারপন্থী প্রেসিডেন্ট থেইন সেইনের নাম এভাবেই প্রকাশ পেয়েছে। এই প্রার্থী প্রস্তাবের সময়সীমা গত ১ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এএফপি।