চূড়ান্ত বিতর্কেও এগিয়ে ক্যামেরন
চূড়ান্ত টেলিভিশন বিতর্কে নিজের অর্থনৈতিক রেকর্ডকে সামনে এনে অতীত ভুল শোধরাতে চেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, কিন্তু পূর্ণ হয়নি তাঁর সেই আশা। বিতর্কের পর তাত্ক্ষণিকভাবে নেওয়া জনমত জরিপে দেখা যায়, প্রধান প্রতিদ্বন্দ্বী ডেভিড ক্যামেরনের কাছে সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছেন তিনি।গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-স্টাইলের তৃতীয় দফা ও চূড়ান্ত ওই টেলিভিশন বিতর্কের পর তাত্ক্ষণিকভাবে নেওয়া পাঁচটি জনমত জরিপের গড় ফলাফলে দেখা যায়, বিরোধী কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরনের চেয়ে ১০ শতাংশেরও বেশি ব্যবধানে পিছিয়ে আছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউন। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এই বিতর্ক অনুষ্ঠিত হলো। ক্যামেরনের চেয়ে কয়েক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ।চূড়ান্ত টেলিভিশন বিতর্কের পর আসন্ন সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। জোরালো হয়ে উঠেছে ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনাও।নিজের অভিজ্ঞতার দিক উল্লেখ করে গর্ডন ব্রাউন বলেন, ‘কীভাবে ভালো ও মন্দ সময়ে অর্থনীতি পরিচালনা করতে হয়, আমি তা জানি। যখন ব্যাংকগুলো ভেঙে পড়েছিল, তখন আমি তাত্ক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম।’ তিনি বলেন, তার ফল হিসেবে দেশ এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের রাস্তায়।ক্যামেরন ও ক্লেগকে শিক্ষানবিশ হিসেবেও চিত্রিত করেছেন প্রধানমন্ত্রী ব্রাউন। নির্বাচনে যদি একটি ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হয়, তাহলে ক্যামেরন ও ক্লেগের জোট সরকার গঠনের বিপদের বিষয়টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ব্রাউন।ক্লেগ তাঁর চূড়ান্ত বিবৃতিতে দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনি যদি আমার মতো বিশ্বাস করেন যে, এ সময়ে আমরা ভিন্নতরভাবে কিছু করতে পারব; তাহলে সত্যিই আমরা ব্রিটেনকে পরিবর্তন করতে পারব।’ ডেভিড ক্যামেরন প্রতিশ্রুতি দেন, তাঁর দল দেশকে নতুন গতিপথে নিয়ে যাবে এবং যেসব পরিবর্তনের প্রয়োজন, সেগুলো আনা হবে।বিতর্কের পর তাত্ক্ষণিকভাবে নেওয়া পাঁচটি জরিপের গড় ফলাফলে দেখা যায়, ক্যামেরনের পক্ষে রয়েছেন ৩৭ শতাংশ, ক্লেগের পক্ষে ৩২ শতাংশ আর ব্রাউনের পক্ষে রয়েছেন ২৫ দশমিক ৬ শতাংশ ব্রিটিশ। একটি মাত্র জরিপ ছাড়া সব কটি জরিপেই সর্বশেষ অবস্থানে ছিলেন গর্ডন ব্রাউন।কনজারভেটিভ পার্টিকে সমর্থন দিল ইকোনমিস্টব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী কনজারভেটিভ পার্টিকে সমর্থন দিয়েছে প্রভাবশালী ইকোনমিস্ট ম্যাগাজিন। এর আগে দেশটির সর্বশেষ দুটি সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে সমর্থন দিয়েছিল ম্যাগাজিনটি।ম্যাগাজিনটিতে বলা হয়, সরকারি খাতের ব্যাপ্তি কমানোর ব্যাপারে কনজারভেটিভ পার্টিকেই সবচেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে। দলটিকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে এ বিষয়টিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে ইকোনমিস্ট। রয়টার্স ও এএফপি।