চূড়ায় বিস্ময় বালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর আর্মস্ট্রং
টেইলর আর্মস্ট্রং

আর্জেন্টিনার আকোনকাগুয়া পর্বতশৃঙ্গে নিজের পায়ের ছাপ এঁকে দিল যুক্তরাষ্ট্রের নয় বছরের এক শিশু। এর মধ্য দিয়ে সে হলো দুই আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি জয় করা সবচেয়ে কম বয়সী মানুষ।
টেইলর আর্মস্ট্রং নামের ওই শিশু তার বাবা কেভিন আর্মস্ট্রং এবং সহযোগী শেরপা লহাওয়াং ধনদুপের সঙ্গে আন্দিজ পর্বতের আর্জেন্টিনার অংশে অবস্থিত ওই শৃঙ্গে আরোহণ করে। বড়দিনের আগের দিন পর্বতশৃঙ্গে আরোহণের পর সে বলে, যেকোনো শিশুই এটা করতে পারে। এর জন্য যা করতে হবে, তা হলো চেষ্টা। তাদের মনকে লক্ষ্যে স্থির করতে হবে। গত বছর আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমানজারোতে আরোহণ করেছিল টেইলর। আকোনকাগুয়া পর্বতশৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ হাজার ৮৪১ ফুট। সেখানে আরোহণ করতে গিয়ে এ পর্যন্ত ১০০ জনের বেশি ব্যক্তি প্রাণ হারান।
টেইলরের বাবা জানান, তাঁর ছেলে আকোনকাগুয়ায় আরোহণের আগে ছয় মাস ধরে দিনে দুবার করে প্রশিক্ষণ নেয়। তিনি বলেন, ‘বেশির ভাগ মানুষ মনে করেন, আমরা মা-বাবা হিসেবে ওকে এটা করতে প্ররোচিত করেছি। কিন্তু আসলে বিষয়টি সম্পূর্ণ উল্টো।’
বয়স কম হওয়ায় এ অভিযানের আগে আর্জেন্টিনার একজন বিচারকের কাছ থেকে অনুমতি নিতে হয় টেইলরকে। সে এ অভিযানের মাধ্যমে পেশির রোগ নিয়ে একটি গবেষণার তহবিল সংগ্রহে ভূমিকা রেখেছে। বিচারক অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেন।
টেইলরের আগে সর্বকনিষ্ঠ হিসেবে যে আকোনকাগুয়া পর্বতশৃঙ্গ জয় করেছিল, সেও যুক্তরাষ্ট্রের নাগরিক। ম্যাথিউ মোনিজ নামের ১০ বছর বয়সী ওই শিশু ২০০৮ সালে পর্বতশৃঙ্গটির শিখরে আরোহণ করেছিল। বিবিসি।