চেক প্রজাতন্ত্রে এই প্রথম একসঙ্গে পাঁচ শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রজাতন্ত্রে গতকাল রোববার এক দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ শিশুর জন্ম হয়েছে। এ ঘটনা সে দেশে এটাই প্রথম বলে দাবি করেছেন চিকিত্সা কর্মকর্তারা। গতকাল বিবিসি ও টেলিগ্রাফ অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, রাজধানী প্রাগের ‘প্রাগ ইনস্টিটিউট অব কেয়ার অব মাদার অ্যান্ড চাইল্ড’ হাসপাতালে গতকাল পাঁচ সন্তানের জন্ম দেন ২৩ বছর বয়সী আলেকসান্দ্রা কিনোভা। ৪০ জন চিকিত্সকের একটি দলের নিবিড় তত্ত্বাবধানে কিনোভার অস্ত্রোপচার হয়। চিকিত্সকেরা জানান, জটিলতা ছাড়াই কিনোভার সন্তানেরা ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যে  কিনোভা ‘সুপারমাম’ বলে পরিচিতি পেয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,  মা ও সন্তানেরা সুস্থ। তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। পাঁচ শিশুর ওজন গড়ে আড়াই পাউন্ড। হাসপাতালটির নবজাতক পরিচর্যা বিভাগের প্রধান চিকিত্সক জিবিনেক স্ত্রানাক জানান, এই শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সম্ভাবনা ৯৫ শতাংশ।

পাঁচ সন্তানের বাবা আন্তোনিন ক্রোশ্চেন সাংবাদিকদের জানান, তাঁর সন্তানদের মধ্যে চারটি ছেলে ও একটি মেয়েশিশু। চার ছেলের নাম রাখা হয়েছে দেনিয়েল, মাইকল, অ্যালেক্স ও মার্টিন। আর একমাত্র মেয়েটির নাম রাখা হয়েছে তেরেজকা।

এ ছাড়া কিনোভা ও আন্তোনিন ক্রোশ্চেন দম্পতির আরও একটি ছেলে সন্তান রয়েছে। এ নিয়ে তাঁদের সন্তানের সংখ্যা দাঁড়াল মোট ছয়জন।

কিনোভার গর্ভাবস্থার শুরুর দিকে চিকিত্সকেরা তাঁকে জানিয়েছিলেন, তিনি যমজ সন্তানের মা হবেন। গত মার্চে জানানো হয়, তাঁর চারটি সন্তান হবে। গত এপ্রিল মাসে তিনি জানতে পারেন, তিনি আসলে পাঁচ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।

ধাত্রীবিদ্যা বিশারদ আলেনা মেকুরোভা বলেন, ‘চেক প্রজাতন্ত্রে ১৯৪৯ সাল থেকে জন্মের হিসাব সংরক্ষণ হয়ে আসছে। সে সময় থেকে এখন পর্যন্ত এ দেশে এটিই প্রথম একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ার ঘটনা।’