চেনকে বিদেশে যেতে দেওয়ার ইঙ্গিত চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভিন্নমতাবলম্বী নেতা চেন গুয়াংজেং চাইলে পড়াশোনা করতে দেশের বাইরে যাওয়ার আবেদন করতে পারেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। চেনকে নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের যে কূটনৈতিক বিরোধ সৃষ্টি হয়েছে তা এড়ানোর জন্য চীনা কর্তৃপক্ষ এ ইঙ্গিত দিল বলে মনে করা হচ্ছে।চেন গত সপ্তাহে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে চীনের রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। গত বুধবার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার ভিত্তিতে দূতাবাস ছেড়ে বেইজিং হাসপাতালে ভর্তি হন চেন। পরদিন তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ জন্য পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ারও ইচ্ছা পোষণ করেন তিনি।বেইজিংয়ে অনুষ্ঠিত চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আলোচনায়ও চেনের বিষয়টি প্রভাব ফেলেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চেন চাইলে পড়াশোনার জন্য বাইরে যেতে স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করতে পারেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চেন যদি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, তাহলে দেশের অন্যান্য নাগরিকের মতোই প্রচলিত আইন মেনে সংশ্লিষ্ট মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করতে হবে।চেন এখনো বেইজিং হাসপাতালে আছেন। তাঁকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বেইজিংয়ে মার্কিন দূতাবাসের উপপ্রধান কিছু উপহার নিয়ে চেনের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে চেনের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি। ‘এক সন্তান’ নীতির দেশ চীনে জোর করে গর্ভপাত করানোর বিপক্ষে ছিলেন চেন। এর বিরুদ্ধে প্রচারাভিযানও চালান তিনি। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ভিন্নমতাবলম্বী এই নেতাকে গৃহবন্দী করে রাখা হয়। বিবিসি, এএফপি।