চীন দেশটির ভিন্নমতাবলম্বী নেতা চেন গুয়াংজেং ও তাঁর পরিবারকে শিগগির দেশ ছাড়ার অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চীন সে রকমই ইঙ্গিত দিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটি।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, চীন ভিন্নমতাবলম্বী নেতা চেনকে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে। তিনি স্বীকার করেন, চেন গত সপ্তাহে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। সেখানে ছয় দিন থাকার পর গত বুধবার দূতাবাস থেকে সরাসরি বেইজিং হাসপাতালে ভর্তি হন। মার্কিন কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এই প্রথম মার্কিন দূতাবাসে চেনকে আশ্রয় দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন।নুল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘দেশের বাইরে যেতে চেনের আবেদন গ্রহণ করার ইঙ্গিত দিয়েছে চীন। মার্কিন সরকার আশা করে দেশটি সেই প্রক্রিয়া ত্বরান্বিত করবে। পরে যুক্তরাষ্ট্র তাঁর ও পরিবারের জন্য ভিসার প্রস্তাব করবে।’ নুল্যান্ড বলেন, চেনকে মার্কিন একটি বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে তিনি স্ত্রী-ছেলেমেয়েকেও নিয়ে যেতে পারবেন। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জন বেকম্যান জানান, চেনকে ভিজিটিং স্কলার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ‘আইন প্রোগ্রাম নিয়ে আমাদের সঙ্গে কাজ করবেন’। সেটা নিউইয়র্কেও হতে পারে বা অন্য কোথাও হতে পারে। এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এর আগে চীন জানায়, চেন চাইলে পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন করতে পারে। গত বুধবার মার্কিন দূতাবাস ছাড়ার পর চেন নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।‘এক সন্তান’ নীতির দেশ চীনে জোর করে গর্ভপাত করানোর বিপক্ষে ছিলেন চেন। এর বিরুদ্ধে প্রচারাভিযানও চালান তিনি। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ভিন্নমতাবলম্বী এই নেতাকে গৃহবন্দী করে রাখা হয়। বিবিসি ও এএফপি।