চেনা-অচেনার টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিদির সঙ্গে ঈদের দিনে শার্লট টাউনে আমরা ক`জন
দিদির সঙ্গে ঈদের দিনে শার্লট টাউনে আমরা ক`জন

শার্লট টাউনে যখন আমি আসি তখন বাঙালি ছিল সব মিলিয়ে মাত্র ছয় পরিবার। এর পরেই বছর ঘুরতে না ঘুরতেই সেই সংখ্যা বেড়ে হলো নয় এবং ক্রমে এগারো। বেশ ক’বছর এই এগারোতেই স্থির ছিল এবং আমাদের সম্পর্কগুলোও সময়ের সাথে জমে গাঢ়তর হচ্ছিলো। হঠাৎ বছর তিনেক আগ থেকে শুরু হলো ছড়িয়ে পড়া। কেউ ভালো সুযোগের জন্যে, কেউবা অন্য কোনো কারণে নোঙর গাড়লো নতুন প্রদেশের বড় শহরে। পেছনে আমরা শুভ কামনার পায়রা উড়িয়ে মন খারাপের আয়না ঢেকেছিলাম যতটা পারা যায়। তবে যারাই প্রিন্স এডওয়ার্ড ছেড়ে গেছে প্রায় সবারই এক কথা, এমন মায়ার টান আর হয় না কোথাও।
গত এক বছরে হঠাৎ করেই আবার শার্ল টটাউনে বাঙালিদের ভিড় বাড়ছে। ইউনিভার্সিটি অব প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডে বাংলাদেশি ছাত্ররা আসছে দল বেঁধে, বিশেষ করে বাণিজ্য অনুষদে। নতুন পরিবারও এসেছে, কেউ ইমিগ্রান্ট হয়ে অথবা অন্য প্রদেশ থেকে চাকরি নিয়ে।
এবার পয়লা বৈশাখে প্রায় পঞ্চাশ জন অতিথি হলো আমার বাড়িতে। আমি তো ভেবে আকুল এত লোক! আনন্দের চেয়ে ভিড়ের অস্বস্তি হবে নাতো! কিন্তু রাত কাবার করে জমাটি আসর যখন ভাঙল তখন আমারই অবাক হওয়ার পালা। ছেলেবেলার সেই রাশান বই ‘গল্প ও ছবি’র ব্যাঙের ছাতা বাড়ার মতো বাড়িটা হঠাৎ করে বেড়ে বড় হয়ে গিয়েছিল কি? আসলে ভালোবাসা মায়া সব মিলিয়ে সবাই এতটাই জমে ছিল যে আয়তনের জ্যামিতি নিজেরাই পাল্টে নিয়েছে।
কনফেডারেশনের দেড় শ’ বছর পুরোনো এ বছর। এখনো উৎসবের রেশ চলছে। এমনিতেই ফি বছর বসন্ত এলেই রাস্তাগুলো ঘষে মেজে নতুন হয়, ল্যাম্পপোস্টের নিচেই ঝোলে ফুলের কেয়ারি। সামার ঢুকতে না ঢুকতেই ট্যুরিস্টের ঢল। গাড়ির ভিড়। চারপাশে বিয়ে বাড়ির মতোই সাজসাজ ভাব। কিন্তু এ বছর সার্ধশত উপলক্ষে সবকিছুতেই যেন দ্বিগুণ রং। ফেস্টুন আর স্মারক স্থাপত্যে শহর সয়লাব। আমার সৌভাগ্য এই উৎসবের সময়েই দেশ থেকে আমার মেজদি আর জামাইবাবু এলেন বেড়াতে। তাঁদের ছেলের সমাবর্তন ছিল অটোয়ায়। আমার এখানে এলেন দু’সপ্তাহ পার করে, ভ্রমণের শেষদিকে। আমার প্রদেশ প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড কানাডার সব চেয়ে ছোট প্রদেশ। অটোয়া টরন্টো কিংবা ব্রিটিশ কলাম্বিয়ার তুলনায় নস্যি, এমনই ধারণা তাঁদের। আমার আবাস সেই ছোট প্রদেশের ছোট রাজধানী শার্লটটাউনে। দিদিরা পৌঁছাল দুপুরে আর বিকেলেই এখানের বাঙালি পরিবারের সবাইকে ডেকেছিলাম। উদ্দেশ্য প্রথম দিনেই বেড়াল মারা। সত্যি প্রথম দিনেই এখানকার বাঙালিদের আন্তরিকতায় দিদি মজে গেল। কেবল বাঙালি নয় আমাদের মুখ্যমন্ত্রী থেকে এমএলএ কিংবা এমপি অথবা আমার প্রতিবেশী আর এদেশী বন্ধু, সবাই আমার দিদিকে মমতায় আপন করে নিয়েছিল। ও নিজেই অবাক ‘তোকে সবাই চেনে?’ গ্রাম দেশে শহর থেকে কেউ এলে যেমন জানাজানি হয়ে যায় আমার বেলায়ও অনেকটা তাই-ই। ফারাক হলো আগ বাড়িয়ে আমিই জানিয়েছি সবাইকে। যখনই কারও সাথে দেখা হয়েছে, ‘আমার দিদি আসছে’ এটাই ছিল গত ক’মাস ধরে আমার কলের গান। কারণ আছে। আমি কানাডায় এসেছি সাড়ে নয় বছর। তার আগে আমেরিকায় থাকব-থাকব না’র দোলাচলে ছিলাম। আর এই চৌদ্দ বছরে আমার নিজের ভাইবোনদের কেউ আসেনি এখানে। আমার উচ্ছ্বাসটা তাই একটু বেশিই। তবে এও ঠিক যে ছোট জায়গায় দু’পা পেরোলেই দু’জন চেনা মুখ। বড় প্রদেশে এমন প্রাণের ছোঁয়া স্বপ্নেও দুরস্ত।
দিদি আসার ঘোরে কিনা জানি না এবারের ঈদটা অন্যরকম ছিল। এক্কেবারে দেশের মতো, পাড়া বেড়ানো ঈদ যাকে বলে। বেলা মেলতে না মিলতেই নোভা-আশিকের বাড়ি, দুপুরে বাহার ভাই আর রুনা ভাবীর বাড়ি আর রাতে দিহানের বাড়িতে সবার পট লাক। আমার দিদি জামাইবাবু তো মোহিত। ওদের অবশ্য মায়া লেগেছে দেশ থেকে আসা ছাত্রদের দেখে। বাড়ির বাইরে বাড়ির আমেজ পেতে ওরা কেমন মুখিয়ে থাকে। আসলে দেশি খাবার শুধু নয় এই সময়গুলোর সাথে ফেলে আসা মা, ভাবি, দিদি, দাদি কতজনের স্মৃতিই যে মিলেমিশে থাকে আর আমাদের মাঝেই ওরা খোঁজে সেই সব স্বজনদের বিকল্প।
প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডে যখন আসি তখন আমার মা অবাক হয়েছিলেন, এটা কোথায়? ভূগোল গুলে খাওয়া আমার অনেক বন্ধুরা এখনো ঠিকঠাক জানে না আমার প্রদেশের নাম তবে প্রথম আলোতে আমার লেখার সুবাদে কিনা জানি না শার্লটটাউনকে চেনে অনেকে। আর প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের মুখ্যমন্ত্রী জানেন আমি বাংলাদেশি তবে আমার কানাডীয় বন্ধু আর প্রতিবেশীরা জানে তার চেয়ে বেশি। ওরা জানে বাংলাদেশের দক্ষিণ-পূর্বে চাটগাঁ নামের সমুদ্র আর পাহাড়ের কোল ঘেঁষে যে শহর, সেখানেই আমি জন্মেছিলাম কোনো এক নভেম্বরের শীতে।