চেন্নাইয়ে ট্রেনে বোমা হামলায় নিহত ১

ভারতের চেন্নাইয়ে ট্রেনে বোমা বিস্ফোরণে এক যাত্রী নিহত ও নয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের ভাষ্য, এটি সন্ত্রাসী হামলা। এ সময় ট্রেনটি ৯ নম্বর প্ল্যাটফর্মে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনের দুটি আসনের নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল সাতটা পাঁচ মিনিটে ট্রেনটি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছায়। এ সময় কিছু যাত্রী ট্রেন থেকে নেমে যান। গুয়াহাটির যাত্রীরা ছিলেন ট্রেনে। ট্রেনটির গুয়াহাটির উদ্দেশে সাতটা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।
ঘটনার পর রেলপথের নিরাপত্তাকর্মীরা এবং রেলওয়ে পুলিশ ছুটে যান ও আহত ব্যক্তিদের সরকারি হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, এটি একটি সন্ত্রাসী হামলা। কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বিস্ফোরণের আলামত সংগ্রহের জন্য বিশেজ্ঞদের ডাকা হয়েছে।
নিহত যাত্রী স্বাতীর (২২) পরিবারের জন্য এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। গুরুতর আহত দুজনের জন্য ২৫ হাজার রুপি করে এবং বাকি সাতজনের জন্য পাঁচ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
তামিলনাড়ুর পুলিশের ডিজিপির বরাত দিয়ে জানানো হয়, ঘটনার তদন্ত চলছে। আশা করা হচ্ছে, ঘণ্টা খানেকের মধ্য রেলস্টেশনের কাজ পুনরায় শুরু হবে।